৪১ বছর বয়সেও স্বদর্পে পর্তুগালের জার্সিতে মাঠ মাতাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ফ্রান্সের হয়ে এই বয়সে খেলা তার দেশের প্রেক্ষাপটে অসম্ভব বলে জানালেন কিলিয়ান এমবাপ্পে। জার্মান সংবাদমাধ্যম ‘বিল্ড’-কে দেয়া সাম্প্রতিক এক সাক্ষাৎকারে এ কথা বলেন রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড।
ছেলেবেলা থেকেই পর্তুগিজ মহাতারকাকে নিজের আদর্শ মেনে বেড়ে উঠেছেন এমবাপ্পে। প্রায়ই তাই রোনালদোর প্রসঙ্গে কথা বলতে স্বাচ্ছন্দ বোধ করেন তিনি। তবে এমবাপ্পের মতে, শারীরিকভাবে ফিট থেকে দীর্ঘকাল খেলা সম্ভব হলেও, ফ্রান্সের জাতীয় দল তাকে এত লম্বা সময় সুযোগ দেবে না।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সত্যি বলতে, আমি যে দেশের হয়ে খেলি, তা বিবেচনা করলে এটা সম্ভব নয়। ফ্রান্স আমাকে কখনোই ৪১ বছর বয়সে খেলতে দেবে না। ক্রিস্টিয়ানো প্রমাণ করেছেন যে, শারীরিকভাবে ও মানসিকভাবে ফিট থাকলে দীর্ঘদিন ধরে এই পর্যায়ে খেলে যাওয়া যায়। তবে আমার ক্ষেত্রে, এমনটা হওয়ার সম্ভাবনা দেখি না।’
উয়েফা ন্যাশনস লীগে ফ্রান্স দলের নেতৃত্ব দিতে প্রস্তুত থাকা এমবাপ্পের কাছে সতীর্থ মাইকেল ওলিসেকে নিয়েও প্রশ্ন করা হয়। বিশ্বকাপের পর বায়ার্ন মিউনিখ থেকে ওলিসের রিয়াল মাদ্রিদে যোগ দেয়ার গুঞ্জন নিয়ে তিনি মন্তব্য করেন, সতীর্থকে দলবদল নিয়ে কোনো পরামর্শ দেয়া অনুচিত ও অমর্যাদাকর।
তিনি বলেন, ‘আমি মনে করি, একজন ফুটবলারকে দলবদল নিয়ে পরামর্শ দেয়াটা অসম্মানজনক। এটা বায়ার্নের প্রতিও অন্যায় হবে, বিশেষ করে বায়ার্ন যেহেতু দুর্দান্ত একটি ক্লাব, যেখানে মাইকেল অনেক কিছু অর্জন করতে পারে। তবে একটি বিষয় পরিষ্কার, বিশ্বের প্রতিটি ক্লাবই মাইকেল ওলিসেকে দলে পেতে চাইবে। সে অসাধারণ ফুটবলার।’
প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ছেড়ে রিয়ালে যোগ দেয়ার পর এখনো বড় কোনো ট্রফি না জিততে পারেননি এমবাপ্পে। নতুন মৌসুমের শুরুটাও খুব বেশি ভালো হয়নি তার দলের। ৭ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে লা লিগা টেবিলের চারে নেমে গেছে অল হোয়াইটরা।
তবুও নতুন কোচ জোসে মরিনহোর ওপর পূর্ণ আস্থা রাখছেন ২৭ বছর বয়সী এমবাপ্পে। পর্তুগিজ কোচ সম্পর্কে তিনি বলেন, ‘তিনি আমাদের ফুটবলারদের খুব কাছের এবং আমাদের প্রতি তার সত্যিকারের আগ্রহ রয়েছে। তিনি একজন নেতা, আমাদের কাছ থেকে সেরাটা কীভাবে বের করে আনতে হয়, তা তিনি ঠিক জানেন।’
ন্যাশনস লীগের ম্যাচে আগামীকাল তুর্কির মুখোমুখি হবে এমবাপ্পের ফ্রান্স। এরপর রয়েছে যথাক্রমে বেলজিয়াম, ইতালি এবং পুনরায় বেলজিয়াম (দ্বিতীয় লেগ) ম্যাচ।
