টানা দুই হারের হতাশা কাটিয়ে অবশেষে এশিয়ান গেমস পুরুষ হকিতে জয়ের খাতা খুললো বাংলাদেশ। জাপানের কাওয়াসাকি জুকো স্টেডিয়ামে পুল ‘এ’-র ম্যাচে শ্রীলঙ্কাকে ৫-১ গোলের বড় ব্যবধানে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। দলের এই দুর্দান্ত জয়ে জোড়া গোল করে মূল নায়ক বনে গেছেন আমিরুল ইসলাম ও আশরাফুল ইসলাম।
ম্যাচের শুরু থেকেই আগ্রাসী মেজাজে খেলতে থাকে বাংলাদেশ। অষ্টম মিনিটে আমিরুল ইসলামের ফিল্ড গোলে এগিয়ে যায় দল। এরপর ১৬ মিনিটে পেনাল্টি কর্নার থেকে ব্যবধান দ্বিগুণ করেন আশরাফুল ইসলাম। যদিও ১৮ মিনিটে শ্রীলঙ্কার কুশল ভীরাপ্পোলি এক গোল শোধ করে খেলায় ফেরার চেষ্টা করেন। তবে সেই আশায় জল ঢেলে দেয় বাংলাদেশ।
২৭ মিনিটে আমিরুল নিজের দ্বিতীয় গোল করলে স্কোরলাইন দাঁড়ায় ৩-১। বিরতির পর ৪৩ মিনিটে মাহবুব হোসাইনের গোলে ব্যবধান আরও বাড়িয়ে নেয় বাংলাদেশ। শেষ কোয়ার্টারেও আক্রমণের ধার বজায় রেখে ৫৪ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি তুলে নেন আশরাফুল ইসলাম। শেষ পর্যন্ত ৫-১ গোলের স্বস্তিদায়ক জয় নিয়ে মাঠ ছাড়ে দল।
এই জয়ের ফলে তিন ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে উঠে এসেছে বাংলাদেশ। এর আগে দক্ষিণ কোরিয়া (৫-০) ও জাপানের (৬-১) কাছে হেরে টুর্নামেন্ট শুরু করে তারা। ঘুরে দাঁড়ানোর পর বাংলাদেশের পরবর্তী চ্যালেঞ্জ আরও কঠিন। আগামী ২৬শে সেপ্টেম্বর ইন্দোনেশিয়া এবং ২৮শে সেপ্টেম্বর শক্তিশালী ভারতের মুখোমুখি হবে তারা।
