মেসির বিদায়ী ম্যাচ থেকে ছিটকে গেলেন যারা

মেসির বিদায়ী ম্যাচ থেকে ছিটকে গেলেন যারা

ফন্ট সাইজ:

আন্তর্জাতিক ফুটবলে বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টানতে চলা লিওনেল মেসির বহুল প্রতীক্ষিত বিদায়ী ম্যাচকে কেন্দ্র করে এখন থেকেই রোমাঞ্চের আবহ তৈরি হয়েছে আর্জেন্টিনায়। আগামী ৭ই অক্টোবর বুয়েনস আইরেসের স্তাদিও মনুমেন্তাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে ম্যাচটি দিয়ে আলবিসেলেস্তে জার্সিতে শেষবারের মতো মাঠে নামবেন মেসি। এই ঐতিহাসিক মুহূর্তটিকে স্মরণীয় করে রাখতে ২০২২ বিশ্বকাপজয়ী স্কোয়াডের সব সদস্যকে আমন্ত্রণ জানিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। তবে প্রীতি ম্যাচের এই আন্তর্জাতিক উইন্ডোতে ইনজুরি ধাক্কা খেয়েছে আর্জেন্টিনা স্কোয়াড। বলিভিয়া, বুরকিনা ফাসো ও বেনিনের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের জন্য স্কোয়াড থেকে ছিটকে গেছেন মিডফিল্ডার থিয়াগো আলমাদা ও ডিফেন্ডার হুয়ান ফয়থ।

আর্জেন্টিনা প্রিমেরা লিগে রিভার প্লেটের হয়ে খেলার সময় হুরাকানের বিপক্ষে ঊরুর পেশিতে ‘গ্রেড-১ টিয়ার’ বা মাংসপেশি ছিঁড়ে যাওয়ার শিকার হন আলমাদা। অন্যদিকে, ভিয়ারিয়াল ডিফেন্ডার ফয়থ মাংসপেশির অস্বস্তির কারণে লা লিগায় দলটির সর্বশেষ কয়েকটি ম্যাচ খেলতে পারেননি। এ কারণে তাকেও জাতীয় দল থেকে বাদ দেয়া হয়েছে।
বর্তমান স্কোয়াডে কোচ লিওনেল স্কালোনির প্রাথমিক তালিকায় ডাক পাননি পাওলো দিবালা। তবে ইতালিয়ান ক্রীড়া দৈনিক করিয়েরে দেল্লো স্পোর্ত-এর তথ্য অনুযায়ী, রোমা ফরোয়ার্ড দিবালাকে এই বিশেষ বিদায়ী ম্যাচে আমন্ত্রণ জানিয়েছেন খোদ লিওনেল মেসি। তবে দীর্ঘ দূরত্বের ভ্রমণ ও ফিটনেসজনিত ধকল নিয়ে কিছুটা উদ্বেগ প্রকাশ করেছেন রোমা কোচ জিয়ান পিয়েরো গাসপেরিনি। আর্জেন্টিনার ম্যাচ শেষ হওয়ার মাত্র চার দিন পর অর্থাৎ ১১ই অক্টোবর সিরি আ লীগের ম্যাচে কোমোর মুখোমুখি হবে রোমা।

আলমাদা ও ফয়থের বিকল্প খেলোয়াড় হিসেবে ইতিমধ্যে বায়ার লেভারকুসেনের একুই ফার্নান্দেজ, তোলুচার সান্তিয়াগো সিমন ও রিয়াল বেটিসের ভ্যালেন্তিন গোমেজকে মূল স্কোয়াডে যুক্ত করা হয়েছে। তবে সবচেয়ে বড় কথা হলো, চোটের কারণে মাঠে নামতে না পারলেও, ২০২২ বিশ্বকাপজয়ী দলের সদস্য হওয়ায় ফয়থ ও আলমাদা দুজনই মেসির এই বিদায়ী ম্যাচে মনুমেন্তাল স্টেডিয়ামে সতীর্থদের সঙ্গে উপস্থিত থাকবেন। বিশ্বজয়ী স্কোয়াডের পুনর্মিলনী ও মেসির শেষ বিদায়কে কেন্দ্র করে ম্যাচটি রূপ নিতে যাচ্ছে এক আবেগঘন উৎসবে।