নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনের ফাঁকে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন পাকিস্তান ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির মধ্যে এই আলোচনা অনুষ্ঠিত হয়। বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তা নিয়ে কথা বলেন দুই নেতা। আঞ্চলিক শান্তি বজায় রাখতে কূটনীতি ও নিয়মিত যোগাযোগের ওপর জোর দেন ইসহাক দার। এ খবর প্রকাশ করেছে অনলাইন আল জাজিরা।
এদিকে তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রে সিবিহা। সামাজিক যোগাযোগ মাধ্যমে সিবিহা জানান, দুই দেশের মধ্যকার বিরোধ যাতে আর না বাড়ে সে বিষয়ে যৌথ পদক্ষেপ নিয়ে আলোচনা হয়েছে। বিদ্যমান যোগাযোগের পথগুলো খোলা রাখতে একমত হয়েছেন উভয় নেতা। মধ্যপ্রাচ্য ও ইউরোপের সংঘাতময় পরিস্থিতি নিয়েও তাদের মধ্যে কথা হয়।
রাশিয়াকে ড্রোন সরবরাহের অভিযোগে কিয়েভ ও তেহরানের সম্পর্কে আগে থেকেই টানাপোড়েন চলছিল। সম্প্রতি কাস্পিয়ান সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার জন্য ইউক্রেনকে দায়ী করে তেহরান। ওই ঘটনার প্রতিবাদে ইউক্রেনের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করেছিল ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।
