সিএনএন, এমএস নাও এবং পলিটিকোর সাংবাদিকদের হোয়াইট হাউসে প্রবেশের ওপর ডনাল্ড ট্রাম্পের জারি করা নিষেধাজ্ঞা স্থগিত করেছেন দেশটির একটি কেন্দ্রীয় আদালত। একই সঙ্গে সাংবাদিকদের প্রেস পাস অবিলম্বে ফিরিয়ে দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। বৃহস্পতিবার মার্কিন জেলা জজ টিম কেলি এই আদেশ দেন। বিচারক জানান, প্রেসিডেন্ট ট্রাম্পের এই পদক্ষেপ সংবিধানের লঙ্ঘন হতে পারে। এ খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।
গত ১৮ই সেপ্টেম্বর এই তিন সংবাদমাধ্যমের সাংবাদিকদের হোয়াইট হাউসে প্রবেশ নিষিদ্ধ করেন ট্রাম্প। এর বিরুদ্ধে সংশ্লিষ্ট গণমাধ্যমগুলো যৌথভাবে আদালতে মামলা করে। শুনানিতে বিচারক কেলি জানান, জাতীয় নিরাপত্তার অজুহাত দেখিয়ে এই নিষেধাজ্ঞা দেয়া হলেও তার পক্ষে কোনো বাস্তব প্রমাণ দেখাতে পারেনি সরকার। উল্টো সংবাদমাধ্যমগুলোর নেতিবাচক খবরের কারণেই ট্রাম্প তাদের নিষিদ্ধ করেছিলেন বলে প্রমাণ মেলে। আগামী ১৪ দিনের জন্য এই নিষেধাজ্ঞার কার্যকারিতা সম্পূর্ণ স্থগিত থাকবে।
এর আগে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ দাবি করেছিল, হোয়াইট হাউসে প্রবেশ কোনো আইনি অধিকার নয়, বরং এটি একটি বিশেষ সুযোগ। তাই যেকোনো সময় প্রেসিডেন্ট তা স্থগিত করতে পারেন। তবে আদালত এই যুক্তি খারিজ করে জানান, সাংবাদিকদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে হুট করে প্রেস পাস বাতিল করা বেআইনি। রয়টার্স, ওয়াশিংটন পোস্ট ও ফক্স নিউজসহ শীর্ষ গণমাধ্যমগুলো এই মামলায় সিএনএন ও পলিটিকোর পক্ষে অবস্থান নিয়েছিল।
