আত্মহত্যার চেষ্টা ৮ সেনার, স্বীকার করলো ট্রাম্প প্রশাসন

আত্মহত্যার চেষ্টা ৮ সেনার, স্বীকার করলো ট্রাম্প প্রশাসন

ফন্ট সাইজ:

একটি মার্কিন বিমানবাহী রণতরীতে অন্তত আটজন সেনাসদস্য আত্মহত্যার চেষ্টা করেছেন। ট্রাম্প প্রশাসন আনুষ্ঠানিকভাবে এই তথ্য স্বীকার করেছে বলে জানান এক মার্কিন আইনপ্রণেতা। মধ্যপ্রাচ্যে দীর্ঘ সময় ধরে মোতায়েন থাকা বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে এ ঘটনা ঘটে। ডেমোক্রেটিক সিনেটর কার্স্টেন জিলিব্র্যান্ডের প্রশ্নের জবাবে ভারপ্রাপ্ত নৌবাহিনী সচিব হাং কাওয়ের পাঠানো এক চিঠিতে এ তথ্য উঠে আসে। এ খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা এএফপি।

গত বছরের নভেম্বর থেকে সাগরে অবস্থান করছে মার্কিন রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন। দীর্ঘ অভিযানের কারণে সেখানে জীবনযাত্রার পরিবেশের চরম অবনতি হয়েছে। পাশাপাশি সেনাসদস্যদের মানসিক স্বাস্থ্যের মারাত্মক ক্ষতি হওয়ার খবর সামনে এসেছে। চিঠি অনুযায়ী, স্ট্রাইক গ্রুপটিতে মোট আটজন সেনাসদস্য আত্মহত্যার চেষ্টা চালান। তবে এই সময়ে কোনো সেনার মৃত্যু হয়নি বলে চিঠিতে দাবি করা হয়েছে। ইরানের বিরুদ্ধে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের যুদ্ধের কারণেই সেনাদের এমন চরম মানসিক সংকটে পড়তে হয়েছে বলে সমালোচকরা অভিযোগ করছেন।