লীগের (বিএফএল) দ্বিতীয় রাউন্ডের খেলাগুলো এক সপ্তাহ পেছালো বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ক্লাবগুলোর দাবিকে উপেক্ষা করে ঘরোয়া ফুটবলের নতুন মৌসুম শুরু করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। লীগ মাঠে গড়ানোর পর সূচিতে কাটাছেঁড়া হয়েছে চারবার। সবশেষ গতকাল আবাহনী লিমিটেড ও চট্টগ্রাম সিটির মধ্যকার ম্যাচটি পিছিয়ে দেয়া হয়। ম্যাচটি কখন হবে সেই বিষয়ে সিদ্ধান্ত জানায়নি ফেডারেশন। ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিতব্য ফিফা আশিয়ান কাপে জাতীয় দলের মিশন শেষে আগামী ২রা অক্টোবর থেকে আবারো এই লীগ মাঠে গড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাফুফে। ১৮ই সেপ্টেম্বর বাংলাদেশ ফুটবল লীগ দিয়ে শুরু হয় ঘরোয়া ফুটবলের এবারের মৌসুম। বাফুফের পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ২২শে সেপ্টেম্বর ফেডারেশন কাপের তিনটি ম্যাচ মাঠে গড়ানোর কথা ছিল। কিন্তু উদ্বোধনী দিনে কেবল ফর্টিস এফসি ও ফকিরেরপুল ইয়াংম্যান্সের ম্যাচটি মাঠে গড়ায়। মাঠে নামেনি আবাহনী ও ব্রাদার্স। এক চিঠিতে বদলে যায় সিদ্ধান্ত। মোহামেডান স্পোর্টিং ক্লাবের আবেদনের প্রেক্ষিত লীগ কমিটি ক্লাবটির প্রথম রাউন্ডের খেলা পিছিয়ে দেয়ায় আবাহনী, ব্রাদার্স ও রহমতগঞ্জও তাদের ম্যাচ পেছানোর দাবি জানিয়ে ফেডারেশনের কাছে চিঠি দেয়।
দাবি মেনে ব্রাদার্স ও আবাহনীর ফেডারেশন কাপের ম্যাচটি ২৩শে সেপ্টেম্বর ধার্য করে বাফুফে। এরপর সন্ধায় দুই ক্লাবের সঙ্গে বৈঠকে বসেন বাফুফের কর্মকর্তারা। সেই বৈঠকে সমাধান আসেনি। পরিবর্তিত সূচিতেও খেলতে সায় দেয়নি আবাহনী। যে কারণে গতকাল ম্যাচটি হওয়ার কথা থাকলেও সেটি পিছিয়ে দেয়া হয়েছে। ২২শে সেপ্টেম্বরের বৈঠকে আবাহনীর ফেডারেশন কাপের ম্যাচটি শুক্রবার আয়োজনের প্রস্তাব দেয় বাফুফে। তবে শুক্রবার ও শনিবার বিএফএলের ম্যাচ থাকায় তৈরি হয় নতুন জটিলতা। সূচি অনুযায়ী, লীগের দ্বিতীয় রাউন্ডে শনিবার আবাহনীর ম্যাচ রয়েছে। ওই ম্যাচও পিছিয়ে দেয়ার দাবি জানিয়েছে আবাহনী। এবার ঘরোয়া ফুটবলে অংশ নিচ্ছে ১৩টি ক্লাব। এ কারণে প্রতি রাউন্ডে একটি দল বিরতি পাচ্ছে। জাতীয় দলে ব্যস্ততায় মোহামেডান তাদের ৯ ফুটবলার না পাওয়ায় প্রথম রাউন্ডে বিরতি পায় ক্লাবটি। এখানেই শেষ নয়, সাদা-কালোদের দাবির মুখে দ্বিতীয় রাউন্ড ও ফেডারেশন কাপে ম্যাচও পিছিয়ে দেয়া হয়েছে। মোহামেডানের দাবি মেনে নেয়ায় অসন্তুষ্ট আবাহনী। ক্লাবটির ম্যানেজার শহীদ হোসেনে স্বপন এর আগে বলেন, নিয়ম সবার জন্য সমান হওয়া উচিৎ। স্বল্প প্রস্তুতিতে মোহামেডানের আগে লীগের দুই রাউন্ড খেলতে চাচ্ছে না ক্লাবটি। ফলে আবারো লীগের সূচিতে পরিবর্তন আসতে পারে। এ জটিলতার মাঝে গতকাল ফেডারেশন কাপে ব্রাদার্স ইউনিয়ন ও রহমতগঞ্জের মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হয়। গোলশূন্য সমতায় শেষ হয় দুই দলের লড়াই।
সবমিলিয়ে লীগ কমিটির অদূরদর্শী সিদ্ধান্ত ও পরিকল্পনার ঘাটতিতে জটিলতার মুখে এখন ঘরোয়া ফুটবলের নতুন মৌসুম। একবার বাফুফে ক্লাবের সঙ্গে আলোচনা না করে সূচি বদলাচ্ছে, আবার ক্লাবের আপত্তিতে বদলে যাচ্ছে সেই সূচি। এ জটিলতার অবসান ঘটাতে শেষ পর্যন্ত লীগ স্থগিতের সিদ্ধান্ত নিলো ফেডারেশন।
