সেমিফাইনালে থামতে হলো জিন্নাত আকতারকে । গতকাল চীনের প্রতিযোগীর কাছে হার দেখেন বাংলাদেশি এই উশুকা। তবু দীর্ঘ ৪০ বছর পর এশিয়ান গেমসের ব্যক্তিগত ইভেন্টে বাংলাদেশের পদকের অপেক্ষা ঘুচিয়েছেন জিন্নাত । নারী ৫২ কেজি ফাইট ইভেন্টে ব্রোঞ্জ পদক নিশ্চিত করেছেন এই উশু খেলোয়াড়।
১৫ জন প্রতিযোগী থাকায় একজনকে সরাসরি কোয়ার্টার ফাইনালে নেয়ার জন্য লটারি করা হয়। ভাগ্য সহায় হয় জিন্নাতের। কোয়ার্টার ফাইনালে ইন্দোনেশিয়ার প্রতিযোগীর বিপক্ষে খেলার কথা থাকলেও ওজন মাপার সময় প্রতিপক্ষের ওজন নির্ধারিত ৫২ কেজির চেয়ে বেশি পাওয়া যায়। ফলে প্রতিপক্ষ ডিসকোয়ালিফাই হওয়ায় কোনো লড়াই ছাড়াই সেমিফাইনালে ওঠেন জিন্নাত।
তবে সেমিফাইনালে চীনের প্রতিযোগী উ দি’র সামনে দাঁড়াতেই পারেননি তিনি। মাত্র দুই মিনিটে ৪-০ ব্যবধানে হেরে যান জিন্নাত। এশিয়ান গেমসের নিয়ম অনুযায়ী সেমিফাইনালে পরাজিত দুই খেলোয়াড়ই ব্রোঞ্জ পদক পান।
ভারতে বিধ্বস্ত পুরুষ কাবাডি
শক্তিশালী ভারতের কাছে ৪৮-২৫ পয়েন্টে হেরে গ্রুপ পর্ব শেষ করেছে বাংলাদেশ পুরুষ কাবাডি দল। চার ম্যাচে দুই জয় ও দুই হারে বাংলাদেশের পদক সম্ভাবনা এখনো টিকে আছে। বাংলাদেশকে হারানো জাপানও গতকাল চাইনিজ তাইপের কাছে হেরেছে। তিন ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে ভারত গ্রুপের শীর্ষে। বাংলাদেশ ও চাইনিজ তাইপের সংগ্রহ চার পয়েন্ট করে। তবে তাইপে এক ম্যাচ কম খেলেছে। শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ ভারত। অন্যদিকে জাপানের শেষ ম্যাচ দক্ষিণ কোরিয়ার বিপক্ষে। ফলে তিন দলেরই চার পয়েন্টে শেষ করার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে পয়েন্টের গড়ই নির্ধারণ করবে কোন দল সেমিফাইনালে যাবে।
জাপানকে হারিয়ে নারী কাবাডির সান্ত্বনা
অবশেষে জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ নারী কাবাডি দল। টোকাই সিটিজেন জিমনেশিয়ামে স্বাগতিক জাপানকে ৪২-২২ পয়েন্টে হারিয়েছে শ্রাবণীরা। প্রথমার্ধে বাংলাদেশ এগিয়ে ছিল ১৮-১১ পয়েন্টে। তবে ভারত ও ইরানের কাছে বড় ব্যবধানে হেরে আগেই পদক দৌড় থেকে ছিটকে গেছে বাংলাদেশ।
টানা তিন হার নারী হকি দলের
এশিয়ান গেমসে প্রথমবার নারী হকিতে খেলতে এসে টানা তৃতীয় হার দেখেছে বাংলাদেশ। নাগোয়ার জিফু স্টেডিয়ামে শক্তিশালী দক্ষিণ কোরিয়ার কাছে ৮-০ গোলে হেরেছে তারা। প্রথম ও দ্বিতীয় কোয়ার্টারে তিনটি করে গোল হজম করে বাংলাদেশ। পরের দুই কোয়ার্টারে একটি করে গোল হজম করে দল। এর আগে চীনের কাছে ১৩-০ এবং মালয়েশিয়ার কাছে ৩-১ গোলে হেরেছিল বাংলাদেশ। শুক্রবার পুল পর্বের চতুর্থ ম্যাচে কাজাখস্তানের মুখোমুখি হবে তারা।
পারলেন না সেলিম
বক্সিংয়ের পুরুষ ৬০ কেজি ওজন শ্রেণিতে থাইল্যান্ডের রামথাম সাকদার কাছে ৫-০ ব্যবধানে হেরেছেন সেলিম হোসেন। প্রথম বাউটে প্রতিপক্ষের সঙ্গে মাথায় আঘাত লেগে রক্তাক্ত হন তিনি। পরে মাথায় তিনটি সেলাই দিতে হয়। ৫৫ কেজিতে ভুটানের মিগমা দরজিকে হারিয়ে প্রি-কোয়ার্টার ফাইনালে উঠেছেন উৎসব আহমেদ। শনিবার কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে নামবেন তিনি।
শুটিংয়ে হতাশা
মেয়েদের ১০ মিটার এয়ার পিস্তলে বাংলাদেশের আনজিলা আমজাদ ৫৫জনের মধ্যে হয়েছেন ৩৬তম। তার স্কোর ছিল ৫৬২.১৭। যা তার ব্যক্তিগত সেরার চেয়েও অনেক কম। কারাতের মেয়েদের ৫০ কেজি কুমিতে ইভেন্টের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের সায়মা জামান ৫-৪ ব্যবধানে হেরে যান।
অন্য ইভেন্টেও হতাশা
টেবিল টেনিস পুরুষ দ্বৈতে মুহতাসিন হৃদয় ও রাম হিম লিয়ান বম জুটি ম্যাকাওয়ের কাছে ১১-৬, ১১-৮, ১১-৬ ব্যবধানে হেরেছেন। নারী এককে সোনম সুলতানা সোমা হেরেছেন ৪-০ সেটে।
সাঁতারে পুরুষ ১০০ মিটার বাটারফ্লাইয়ে মোহাম্মদ ইসলাম ৫৮.২১ সেকেন্ড সময় নিয়ে ৩১ জনের মধ্যে ২৮তম হয়েছেন। নারী ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে মুক্তি খাতুন ১ মিনিট ২১.৮৪ সেকেন্ড সময় নিয়ে ২৫ জনের মধ্যে ২৩তম। বিচ ভলিবলে কাজাখস্তানের কাছে ২-০ ব্যবধানে হেরেছে বাংলাদেশ।
সাইক্লিংয়ে জ্বরের কারণে অংশ নিতে পারেননি সবুর হোসেন। শাহাদাত হোসেন অংশ নিলেও প্রথম ল্যাপের পর রেস থেকে সরে দাঁড়ান। শুটিংয়ে নারী ১০ মিটার এয়ার পিস্তলে আনজিলা আমজাদ ৫৫ জনের মধ্যে ৩৬তম হয়েছেন। কারাতে নারী ৫০ কেজি কুমিতে সায়মা জামান কোয়ার্টার ফাইনালে ৫-৪ ব্যবধানে হেরে যান।
