মাহমুদুল্লাহর নেতৃত্বে ডব্লিউসিএল দল

মাহমুদুল্লাহর নেতৃত্বে ডব্লিউসিএল দল

ফন্ট সাইজ:

ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসের (ডব্লিউসিএল) পরবর্তী আসরের জন্য ১৬ সদস্যের বাংলাদেশ চ্যাম্পিয়নস দল ঘোষণা করা হয়েছে। অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বে গড়া দলে আছেন ইমরুল কায়েস, রনি তালুকদার, নাসির হোসেন, রুবেল হোসেন, শুভাগত হোম, জিয়াউর রহমান, আরাফাত সানি, কামরুল ইসলাম রাব্বি, এনামুল হক জুনিয়র, জহুরুল ইসলাম অমি, আবু জায়েদ চৌধুরী ও ফজলে মাহমুদ রাব্বীসহ আরও কয়েকজন ক্রিকেটার। আগামী ৩রা অক্টোবর থেকে ১৮ই অক্টোবর সংযুক্ত আরব আমিরাতে বসবে এবারের আসর।

সাবেক ও অবসরপ্রাপ্ত আন্তর্জাতিক ক্রিকেটারদের নিয়ে আয়োজিত এই প্রতিযোগিতায় টেস্ট খেলুড়ে দেশগুলোর সাবেক তারকাদের অংশ নেয়ার কথা রয়েছে। বাংলাদেশ চ্যাম্পিয়নসের প্রথম ম্যাচ ৩রা অক্টোবর পাকিস্তানের বিপক্ষে। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টায় শুরু হবে ম্যাচটি। এরপর ৫ই অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে রাত সাড়ে ৯টায়। ৭ই অক্টোবর অস্ট্রেলিয়ার বিপক্ষে বিকেল সাড়ে ৫টায় এবং ৯ই অক্টোবর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে রাত সাড়ে ৯টায় মাঠে নামবে মাহমুদউল্লাহর দল। গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ দুটি ম্যাচ যথাক্রমে ১১ই অক্টোবর ভারত ও ১৪ই অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। দুটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায়।