চাকরি হারালেন হিগুয়েনের ভাই ফেদেরিকো

নারী রেফারিকে লিঙ্গবৈষম্যমূলক মন্তব্য

চাকরি হারালেন হিগুয়েনের ভাই ফেদেরিকো

ফন্ট সাইজ:

মাঠে বিতর্কিত আচরণের জেরে বড়সড় খেসারত দিতে হলো কলম্বাস ক্রু ২-এর কোচ ফেদেরিকো হিগুয়েনকে। রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাসের সাবেক তারকা গঞ্জালো হিগুয়েনের ভাই ফেদেরিকো, যিনি মেজর লীগ সকারে (এমএলএস) নেক্সট প্রো-তে কলম্বাস ক্রু ২ দলের কোচের দায়িত্বে ছিলেন, তাকে বরখাস্ত করেছে ক্লাব কর্তৃপক্ষ।
সম্প্রতি এক ম্যাচের পর এক নারী রেফারির সঙ্গে অশোভন আচরণ করেন ৪১ বছর বয়সি এই আর্জেন্টাইন কোচ। ম্যাচ শেষে নারী রেফারিকে জোরপূর্বক হাত ধরে ঝাঁকানোর পাশাপাশি তিনি কটূক্তি করে বলেন, ‘ভুলে যেও না এটা পুরুষদের খেলা।’ শুধু তাই নয়, রেফারি তিনবার হাত ছাড়তে বললেও তিনি তা উপেক্ষা করেন এবং শারীরিক ও মানসিক ভীতি প্রদর্শন করেন। মূলত, কলম্বাস ক্রুর রিজার্ভ দলের নাম ‘কলম্বাস ক্রু ২’।এই ঘটনার পর প্রাথমিক পর্যায়ে তাকে দুই ম্যাচের নিষেধাজ্ঞা দেয়া হয়। তবে পেশাদার সকার রেফারি অ্যাসোসিয়েশন (পিএসআরএ)

এই শাস্তিকে অপ্রতুল বলে অভিহিত করে কঠোর প্রতিবাদের ঝড় তোলে। তাদের মতে, এমন লিঙ্গবৈষম্যমূলক মন্তব্য এবং শারীরিক ভীতি প্রদর্শনের শাস্তি আরও অনেক কঠোর হওয়া উচিত ছিল। তীব্র সমালোচনার মুখে নড়েচড়ে বসে ক্লাব কর্তৃপক্ষ। কলম্বাস ক্রু ২-এর জেনারেল ম্যানেজার ইসা টল এক বিবৃতিতে জানান, ক্লাবের মূল আদর্শ এবং নেতৃত্বের মানদণ্ড বজায় রাখতে ব্যর্থ হওয়ায় ফেদেরিকোকে বরখাস্ত করার এই কঠিন সিদ্ধান্ত নেয়া হয়েছে। ক্লাবটির পক্ষ থেকে আরও বলা হয়, ‘যেকোনো ধরনের বৈষম্যমূলক আচরণ বা আমাদের মূল্যবোধের পরিপন্থী কোনো আইডিয়াকে আমরা ঘৃণা করি। আমাদের লক্ষ্য সব সম্প্রদায় ও লিঙ্গকে ফুটবলের পতাকাতলে এক সুতোয় বাঁধা।’ উল্লেখ্য, খেলোয়াড়ি জীবনে ২০১২ থেকে ২০২০ সাল পর্যন্ত কলম্বাস ক্রুর হয়ে মাঠ মাতান ফেদেরিকো হিগুয়েন। গত বছর কোচিং স্টাফ হিসেবে ক্লাবে যোগ দিলেও এমন একটি দায়িত্বজ্ঞানহীন এবং লজ্জাজনক কাণ্ডের কারণে শেষ পর্যন্ত চাকরি হারিয়ে কোচিং ক্যারিয়ারে বড় ধাক্কা খেলেন তিনি।