রূপকথার গল্পের সঙ্গে আধুনিক ভালোবাসা, রহস্য ও পৌরাণিক আবহ মিলিয়ে নির্মিত হচ্ছে ওয়েব সিরিজ ‘প্রাণভোমরা’। এটি নির্মাণ করছেন ভিকি জাহেদ। আই স্ক্রিনের জন্য নির্মিতব্য সিরিজটির প্রধান দুই চরিত্রে অভিনয় করছেন— তৌসিফ মাহবুব ও শ্রেয়সী শ্রেয়া। এ বিষয়ে বিস্তারিত জানাতে গতকাল চ্যানেল আইতে এক সংবাদ সম্মেলনে ‘প্রাণভোমরা’ নিয়ে ভিকি জাহেদ বলেন, এটি একটি রোমান্টিক পৌরাণিক রোমাঞ্চধর্মী গল্প। ছোটবেলায় দেখা ‘ঠাকুরমার ঝুলি’র গল্পের প্রসঙ্গ টেনে তিনি জানান, কোনো দানব ততক্ষণ পর্যন্ত মারা যেতো না, যতক্ষণ না তার প্রাণভোমরাকে হত্যা করা হতো। সেই প্রাণভোমরা থাকতো পানির নিচে কোনো মাছের পেটে। এই পৌরাণিক ধারণাকে অনুসরণ করেই সিরিজটির গল্প তৈরি করা হয়েছে।
সিরিজে অভিনয় প্রসঙ্গে নির্মাতা জানান, শ্রেয়ার জন্য চরিত্রটি নতুন ধরনের চ্যালেঞ্জ হবে। তবে কাজটি ভালো হবে বলে তিনি আশাবাদী। নতুন কাজের জন্য ভিকি জাহেদকে স্বাগত জানিয়ে চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর বলেন, ভিকি সব সময়ই ভৌতিক চরিত্র নিয়ে কাজ করেন। এ ধরনের কাজেই তিনি অভ্যস্ত হয়ে গেছেন। নতুন সৃষ্টি নিয়েও তিনি আশাবাদী। তৌসিফ মাহবুব জানান, ‘প্রাণভোমরা’ তার দ্বিতীয় সিরিজ। পরিচালকের কাজের প্রতি দায়িত্বশীলতা দেখিয়ে বলেন, শুটিংয়ের এক ঘণ্টা আগেও তাকে
গল্প সম্পর্কে জানান না পরিচালক।
এ সময় সহশিল্পী শ্রেয়সী শ্রেয়াকে ‘মধ্যমণি’ বলে সম্বোধন করেন তৌসিফ। শ্রেয়া জানান, চ্যানেল আই ও ইমপ্রেস টেলিফিল্মের মাধ্যমেই তার অভিনয় জীবনের শুরু। তাদের প্রতি আজীবন কৃতজ্ঞ থাকবো। পাশাপাশি ‘প্রাণভোমরা’র চরিত্রের জন্য নিজের শরীর ও শারীরিক সক্ষমতার দিকেও বিশেষ নজর দিচ্ছেন এই অভিনেত্রী।
