একসঙ্গে তারা চার

একসঙ্গে তারা চার

ফন্ট সাইজ:

এই সময়ে বিভিন্ন নাটকে মায়ের চরিত্রে অভিনয় করে দর্শকের ভালোবাসায় সিক্ত অভিনেত্রী কামরুন নাহার রুমা। গত ২২শে সেপ্টেম্বর ছিল তার জন্মদিন। এবারের জন্মদিন সবার শুভেচ্ছায় আর ভালোবাসায় একটু অন্যরকমভাবেই কাটলো। তবে এরই মধ্যে তিনি জানান, নতুন নির্মাতা মামুন অর রশীদের পরিচালনায় শাকিব সাব্বিরের গল্পে তিনি একটি চমৎকার পারিবারিক গল্পের নাটকে অভিনয় করেছেন। নাটকে রুমা অভিনয় করেছেন আরেক গুণী, ভার্সেটাইল অভিনেতা সায়েম সামাদের বিপরীতে।

নন্দিত অভিনেতা বড় দা মিঠুও এই নাটকে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। এতে তার বিপরীতে অভিনয় করেছেন মা চরিত্রে অভিনয় করে দর্শকপ্রিয়তা পাওয়া মৌ শিখা। কামরুন নাহার রুমা বলেন, ‘এই নাটকের গল্পটা আমার কাছে খুব ভালো লেগেছে। গল্পটা নাটকের নায়ক শাকিব সাব্বিরের। মামুনুর রশীদ বেশ যত্ন নিয়ে নাটকটি নির্মাণ করেছেন। সবাই ভীষণ মনোযোগ দিয়ে কাজটি করেছেন।

রুমা জানান, তিনি একই পরিচালকের ‘চাকর যখন মালিক’ নামের একটি প্রচার চলতি জনপ্রিয় ধারাবাহিক নাটকেও অভিনয় করছেন। বড় দা মিঠু বলেন, ‘এ নাটকের গল্পটাই দর্শকের কাছে ভালোলাগার হয়ে উঠবে। তাছাড়া আমরা যারা অভিনয় করছি তারা প্রত্যেকেই চেষ্টা করেছি গল্পটাকে আমাদের অভিনয় দিয়ে ফুটিয়ে তুলতে। আশা করছি, ভালো লাগবে সবার।’ সায়েম সামাদ বলেন, মামুন অর রশীদের সঙ্গে আমার প্রথম কাজ ছিল এই নাটকটা। পরিচালক হিসেবে ভীষণ আন্তরিক। তার টিম বেশ গুছানো এবং প্রয়োজনের বাইরে তিনি একটিও শট নেন না, এটাও ভালোলাগার। মৌ শিখা বলেন, নাটকটিতে কাজ করে অনেক ভালো লেগেছে। ধন্যবাদ পরিচালককে।