আপত্তি জানালেন মানুষী

আপত্তি জানালেন মানুষী

ফন্ট সাইজ:

বিমানবন্দরে তারকাদের ক্যামেরাবন্দি করা এখন প্রায় নিত্যদিনের ছবি। হাসিমুখে পোজ, হাত নাড়িয়ে অভিবাদন— সবই চলে। তবে সব ছবি যে স্বস্তির, তা নয়। এবার পেছন থেকে ছবি তোলায় আপত্তি জানালেন ২০১৭ সালের মিস ওয়ার্ল্ড বিজয়ী মানুষী চিল্লার। মুম্বই বিমানবন্দরে আলোকচিত্রীদের সামনেই নিজের অস্বস্তির কথা স্পষ্ট করে দিলেন এই মডেল-অভিনেত্রী।

মঙ্গলবার বিমানবন্দরে গাড়ি থেকে নামার পর হাসিমুখে ক্যামেরার সামনে দাঁড়ান মানুষী। ক্যামেরার দিকে তাকিয়ে ছবি তোলেন, কথাও বলেন। কিন্তু বিমানবন্দরে ঢোকার সময়ই নজরে আসে, তার পেছন দিক থেকেও ছবি তুলছেন কয়েকজন চিত্রগ্রাহক। তাতেই থামিয়ে দেন তাদের। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে মানুষীকে বলতে শোনা যায়, দয়া করে ওই ছবিগুলো মুছে দিন। পেছন থেকে তোলা ছবি দেবেন না। কথাটা বলার সময় গলায় ছিল না কোনো রাগ বা উত্তেজনা। বরং শান্তভাবেই নিজের আপত্তির কথা জানান অভিনেত্রী। এরপরও ছবিশিকারিদের জন্য পোজ দেন, হাত নেড়ে বিমানবন্দরের ভেতরে ঢুকে যান তিনি।

জানা গেছে, দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন মানুষী। তারকারা কীভাবে ক্যামেরাবন্দি হচ্ছেন, তা নিয়ে অবশ্য নতুন করে প্রশ্ন উঠছে। কিছুদিন আগেই ‘বিগ বস-২০’র একটি পর্বে এই প্রসঙ্গ তুলেছিলেন সালমান খান। অভিনেত্রীদের অস্বস্তিকর কোণ থেকে ছবি তুলে তা সমাজমাধ্যমে ছড়িয়ে দেয়ার সমালোচনা করেছিলেন তিনি। একইসঙ্গে এমন ছবিতে দর্শকের আগ্রহ এবং সেই ছবি দেখা বা ছড়িয়ে দেয়ার প্রবণতা নিয়েও প্রশ্ন তুলেছিলেন অভিনেতা।