কিছুদিন আগে মুক্তিপ্রাপ্ত দর্শক সমাদৃত সিনেমা ‘প্রেসার কুকার’-এ সামিয়া চরিত্রে অভিনয় করে বেশ আলোচনায় এসেছিলেন অভিনেত্রী নাঈমা আলম মাহা। সেই রেশ কাটতে না কাটতেই এবার নতুন ধারাবাহিক নিয়ে উপস্থিত হয়েছেন তিনি। এটিএন বাংলায় প্রচার শুরু হওয়া ধারাবাহিকটির নাম ‘দলছুট পাখিরা’। মাহমুদ হাসান শিকদারের রচনা ও পরিচালনায় নতুন এই ধারাবাহিকের অন্যতম প্রধান চরিত্রে অভিনয়
করছেন তিনি।
মাহা বলেন, ‘ব্যাচেলর পয়েন্ট’র পর ‘দলছুট পাখিরা’-ই আমার অভিনীত নতুন ধারাবাহিক। বলা যায়, গল্পটা আমি এবং আমার মতো আরও কয়েকটি চরিত্রকে ঘিরেই আবর্তিত। আমাদের জীবনেরই গল্প উঠে এসেছে এই ধারাবাহিক নাটকে। নির্মাতা অনেক যত্ন নিয়ে নাটকটি নির্মাণের চেষ্টা করেছেন। এরই মধ্যে এটি এটিএন বাংলায় প্রচারও শুরু হয়েছে। মাহা ছাড়াও এই ধারাবাহিকে বিভিন্ন চরিত্রে আছেন— রেজমিন সেতু, জান্নাত আক্তার সূচি, মেঘা শ্রুতি, আয়েশা আক্তার কণা, ফাতেমা হীরা’সহ আরও অনেকে। অমি’র ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে অভিনয় করেও বেশ আলোচনায় রয়েছেন মাহা। বলা যায়, ক্যারিয়ারের সুবর্ণ সময়ে আছেন। যে কারণে তিনি এখন নাটকে কাজ করার ব্যাপারেও বেশ চুজি হয়ে উঠেছেন। প্রতিনিয়তই তার কাছে স্ক্রিপ্ট আসছে, তিনি সময় নিয়ে তা পড়ছেন, ভাবছেন এবং তারপর তিনি সিদ্ধান্ত জানাচ্ছেন— কাজ করবেন কী করবেন না!
