মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ২০০ কোটি টাকা বিনিয়োগ করবে এমইপি

ফন্ট সাইজ:

চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে প্রায় ২০০ কোটি টাকা বিনিয়োগে আধুনিক কারখানা নির্মাণের উদ্যোগ নিয়েছে দেশের বৈদ্যুতিক পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান এমইপি গ্রুপ। ১০ একর জমিতে নির্মাণের পরিকল্পনা করা এ কারখানায় লাইটিংস, সুইচ-সকেট, সার্কিট ব্রেকার, ফ্যান ও কেব্লসসহ বিভিন্ন বৈদ্যুতিক পণ্য উৎপাদন করা হবে।

রোববার রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘এমইপি অ্যাক্সেসরিজ সুপার অফার, ২০২৬ গ্র্যান্ড এচিভার সেলিব্রেশন’ অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির পক্ষে এ তথ্য জানানো হয়। অনুষ্ঠানে ৮০ জন বিজয়ীর হাতে ৭৮টি মোটরসাইকেলের চাবি ও দু’টি ফ্রিজ তুলে দেয়া হয়। এ সময় এমইপি পণ্যের প্রদর্শনী ও ব্যবসায়িক মতবিনিময়ও অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) প্রশাসক মো. ফজলুল হক বলেন, এমইপি বাংলাদেশের অন্যতম পুরোনো বৈদ্যুতিক পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান। জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে প্রতিষ্ঠানটির নতুন বিনিয়োগ ও আধুনিক কারখানা উন্নতমানের ও বৈচিত্র্যময় পণ্য উৎপাদনে সহায়তা করবে। পাশাপাশি শিল্পায়ন, কর্মসংস্থান ও দেশীয় উৎপাদন সক্ষমতা বৃদ্ধিতে এ উদ্যোগ ভূমিকা রাখবে।
এমইপি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ডা. জাহাঙ্গীর আলম চাকলাদার বলেন, নতুন কারখানাটি শুধু উৎপাদন সক্ষমতা বাড়ানোর প্রকল্প নয়, এটি পণ্যের মান, প্রযুক্তি, উদ্ভাবন ও বাজার সম্প্রসারণের দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ। তিনি বলেন, নতুন কারখানার মাধ্যমে উৎপাদন সক্ষমতা, পণ্যের গুণগত মান ও বৈচিত্র্য বাড়ানোর পাশাপাশি কর্মসংস্থান এবং দেশীয় শিল্পের প্রতিযোগিতা সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

এমইপি গ্রুপের পরিচালক শকিল আলম চাকলাদার বলেন, ৮০ জন বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেয়ার মাধ্যমে খুচরা বিক্রেতা, পরিবেশক ও ব্যবসায়িক অংশীদারদের অবদানকে স্বীকৃতি দেয়া হয়েছে। নতুন কারখানার উৎপাদন বাজারে আসার আগে অংশীদার ও গ্রাহকদের সঙ্গে নিয়ে বাজার সম্প্রসারণ এবং শক্তিশালী বিপণন নেটওয়ার্ক গড়ে তোলাই এখন লক্ষ্য।
প্রতিষ্ঠানটি জানায়, ‘এমইপি অ্যাক্সেসরিজ’-এর বিশেষ অফার আগামী অক্টোবর থেকে ডিসেম্বর ২০২৬ পর্যন্ত চলবে।