৮ বছর পর একসঙ্গে তারা

৮ বছর পর একসঙ্গে তারা

ফন্ট সাইজ:

দীর্ঘ আট বছর পর আবারো একসঙ্গে কাজ করলেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর ও গীতিকবি-সুরকার রাজেশ ঘোষ। রাজেশের কথা ও সুরে নতুন একটি গানে কণ্ঠ দিয়েছেন আসিফ।

সম্প্রতি গানটির রেকর্ডিং শেষ হয়েছে। গানটির সংগীতায়োজন করেছেন মুশফিক লিটু। এটি প্রকাশ করবে ধ্রুব মিউজিক স্টেশন। নতুন গানটির খবর সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়ে আনন্দ প্রকাশ করেছেন রাজেশ ঘোষ। তবে গানটি নিয়ে এখনই বিস্তারিত জানাতে চান না তিনি। রাজেশ বলেন, সর্বশেষ ২০১৮ সালে আসিফ ভাইয়ের সঙ্গে গান করেছিলাম। দীর্ঘ আট বছর পর আবারো একসঙ্গে গান করলাম। এটি একটি বিশেষ প্রকল্পের গান। পুরো প্রকল্পের কাজ শেষ হলে বিস্তারিত জানানো যাবে।

আসিফ বলেন, রাজেশ দা’র সঙ্গে কাজ করা সব সময়ই আনন্দের। কারণ তিনি আমার সবচেয়ে বেশি গানের সুরকার। এবারের কাজটিও শ্রোতাদের ভালো লাগবে বলে বিশ্বাস। আসিফের দ্বিতীয় একক অ্যালবাম থেকেই রাজেশ তার জন্য সুর করা শুরু করেন। রাজেশের সুরে আসিফের কণ্ঠে অসংখ্য গান শ্রোতাপ্রিয়তা পেয়েছে। ‘একাকী গভীর রাতে’, ‘ও পাষাণী’, ‘বিদায় বন্ধু’, ‘বাঁচবো না’, ‘মেঘে মেঘে’, ‘ঝড় উঠেছে’, ‘অভিমানী’, ‘প্রিয়তমারে’, ‘ভুলতে পারি না সাথী, ‘কেমন আছো তুমি’, ‘ডানা ভাঙা পাখির মতো’, ‘এক চোখে অপেক্ষা’, ‘সুখের সন্ধানে’ প্রভৃতি।