জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কণ্ঠশিল্পী সোমনূর মনির কোনাল। নিজের ক্যারিয়ারে বেশ কিছু শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি। বিশেষ করে প্লেব্যাকে ধারাবাহিকভাবে গান গেয়ে সফলতা পেয়েছেন কোনাল। বর্তমানে স্টেজ শো ও সিনেমা-নাটকের গান নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। তারই ধারাবাহিকতায় পাঁচটি গানে কণ্ঠ দিয়েছেন এ শিল্পী। কাছাকাছি সময়ে রেকর্ড হওয়া এ গানগুলোর একটি সিনেমার, একটি ধারাবাহিকের ও তিনটি খণ্ড নাটকের। পাঁচটি গানেই ভিন্ন আঙ্গিকের কোনালকে পাওয়া যাবে। এর মধ্যে সম্প্রতি চয়নিকা চৌধুরী পরিচালিত তিনটি নাটকের তিনটি দ্বৈত গানে কণ্ঠ দিয়েছেন এ গায়িকা। পরিচালকের ২৫ বছরের নির্মাণ পূর্তি উপলক্ষে সম্প্রতি প্রকাশ্যে এসেছে নাটক তিনটি। এর মধ্যে ‘জোছনায় ফেরা’ ও ‘বিষণ্ন মেঘ’ নাটক দু’টির দুই গানে কণ্ঠ দিয়েছেন তিনি। এই দু’টি গানেই তার সহশিল্পী রেজোয়ান শেখ। সুর ও সংগীতায়োজনে রেজোয়ান। অন্যদিকে, চয়নিকার ‘সময় একটু থামো’ নাটকেও একটি গান গেয়েছেন কোনাল। এখানে তার সহশিল্পী আভ্রাল সাহির। সুর ও সংগীতও আভ্রালের। এর বাইরে সম্প্রতি ‘বকুলপুর সিজন-৩’ ধারাবাহিকের জন্য ‘বকুলপুরের রানী’ শীর্ষক একটি গানে কণ্ঠ দিয়েছেন তিনি। নাটকের বাইরে সম্প্রতি শওকত আলী ইমনের সুর ও সংগীতে একটি সিনেমার গানেও কণ্ঠ দিয়েছেন এ শিল্পী। সিনেমার নাম ‘গ্রুমিং বিদ্যাপীঠ’। এতে তার সহশিল্পী সজীব দাস। গানগুলো প্রসঙ্গে কোনাল বলেন, নাটক ও সিনেমায় ভিন্ন ভিন্ন এ গানগুলো গাওয়া দারুণ এক অভিজ্ঞতা। প্রতিটি কাজের মধ্যেই নিজের সর্বোচ্চ দেয়ার চেষ্টাটা থাকে। এ গানগুলোর ক্ষেত্রেও সেটা হয়েছে। আমার বিশ্বাস, গানগুলো শ্রোতা-দর্শকদের ভালো লাগবে।
নতুন পাঁচ গানে কোনাল
স্টাফ রিপোর্টার
২২ সেপ্টেম্বর (মঙ্গলবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
