কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে কিশোর ইশরাত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
রোববার সকাল সাড়ে ১১টার দিকে কোটবাড়ি বিশ্বরোড এলাকায় মহাসড়ক অবরোধ করেন তারা।
এ সময় মহাসড়কে অবস্থান নিয়ে অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও জড়িতদের শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন শিক্ষার্থীরা। এতে মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়।
এর আগে গত শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে কোটবাড়ির গন্ধমতী এলাকার বাসা থেকে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে মায়ের আইফোন নিয়ে বের হয়েছিল অপ্রতীম। এরপর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি করা হয়। নিখোঁজের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছেলের সন্ধান চেয়ে আবেদন জানান মা ড. নাহিদা বেগম।
সে ছিল পরিবারের একমাত্র সন্তান। তার মা ড. নাহিদা বেগম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক এবং বাবা কে এম ফিরোজ শাহরিয়ার। কোটবাড়ি-গন্ধমতী এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করতো অপ্রিতম। পরে শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী লালমাই সানন্দা পাহাড় এলাকার একটি জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তুহিনকে আটক করে পুলিশ। এরপর তার দেয়ার তথ্য মতে ফাহিম আহমেদ ও আনাস নামে আরও ২ জনকে আটক করা হয়।
