মাকসুদ কামাল ও জাফর ইকবালসহ ৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ঢাবিতে শিক্ষার্থীদের ওপর হামলায় উসকানি

মাকসুদ কামাল ও জাফর ইকবালসহ ৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ফন্ট সাইজ:

২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের সময় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে শিক্ষার্থীদের ওপর হামলায় উসকানি, প্ররোচনা ও ষড়যন্ত্রের অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ ঘটনায় ঢাবির সাবেক উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল ও লেখক ড. মুহম্মদ জাফর ইকবালসহ পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ পরোয়ানা জারি করেন।
এর আগে গত বুধবার ট্রাইব্যুনাল-১ এর রেজিস্ট্রার কার্যালয়ে এই আটজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করে প্রসিকিউশন।
অভিযোগপত্রে থাকা অন্য ছয়জন হলেন—
১. এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক (সাবেক বিচারপতি, আপিল বিভাগ)
২. অধ্যাপক ড. আ ক ম জামাল উদ্দিন (শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়)
৩. সাদ্দাম হোসেন (তৎকালীন সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ)
৪. শেখ ওয়ালী আসিফ ইনান (তৎকালীন সাধারণ সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ)
৫. মাজহারুল কবির শয়ন (তৎকালীন সভাপতি, ঢাবি শাখা ছাত্রলীগ)
৬. তানভীর হাসান সৈকত (তৎকালীন সাধারণ সম্পাদক, ঢাবি শাখা ছাত্রলীগ)
অভিযুক্ত আটজনের মধ্যে সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, অধ্যাপক ড. আ ক ম জামাল উদ্দিন এবং তানভীর হাসান সৈকত বর্তমানে অন্য মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। বাকি আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন আদালত।
ট্রাইব্যুনালের কার্যক্রম শেষে প্রসিকিউটর গাজী মোনাওয়ার হোসাইন তামিম সাংবাদিকদের জানান, আন্দোলন চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের ওপর বর্বরোচিত হামলার ঘটনায় আসামিদের বিরুদ্ধে প্ররোচনা, ষড়যন্ত্র, হামলার চেষ্টা ও সরাসরি সহযোগিতার অভিযোগ আনা হয়েছে। তৎকালীন উপাচার্য মাকসুদ কামালের উসকানিমূলক বক্তব্য ও ষড়যন্ত্রের সূত্র ধরেই ছাত্রলীগ, যুবলীগ ও পুলিশ সদস্যরা আন্দোলনকারীদের ওপর হামলা চালায় বলে আনুষ্ঠানিক অভিযোগে উল্লেখ করা হয়েছে।

গাজীপুরে অধ্যক্ষ গুম: সাবেক সিটিটিসি প্রধান আসাদুজ্জামানের বিরুদ্ধে পরোয়ানা
এদিকে, গাজীপুরে মাদ্রাসা অধ্যক্ষ আল আমিনকে গুম করার অভিযোগে পৃথক একটি আবেদন আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ ঘটনায় পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সাবেক প্রধান মো. আসাদুজ্জামানসহ চারজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।