আশা করি রামিসা হত্যার বিচারের মতো এটাও সংক্ষিপ্ত সময়ে শেষ করতে পারব

অপ্রতিম হত্যাকাণ্ড প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী

আশা করি রামিসা হত্যার বিচারের মতো এটাও সংক্ষিপ্ত সময়ে শেষ করতে পারব

ফন্ট সাইজ:

কুমিল্লায় কিশোর ইশয়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ড প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘আশা করি রামিসা হত্যার বিচারের মতো এই হত্যাকাণ্ডের বিচারটা আমরা সংক্ষিপ্ত সময়ে সমাপ্ত করতে পারব।’ রোববার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

এর আগে রাজধানীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যা ঘটনা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিচার করবেন আদালত আমরা সহযোগিতা করব। যেটা আইনানুগ প্রক্রিয়া আছে—সেগুলো সম্পন্ন করে চার্জশিট দাখিলের মধ্য দিয়ে। আশা করি—বিচার বিভাগ সেই বিষয়টা গুরুত্ব দিয়ে রামিসা হত্যাকাণ্ডের জন্য যেভাবে দ্রুত সময়ে বিচার সম্পন্ন হয়েছে, সেরকম একটা পদক্ষেপ নেবেন।’

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘কুমিল্লার ঘটনায় পুলিশের আমরা প্রশংসা করতে পারি, তারা ১২ ঘণ্টার মধ্যে সমস্ত আসামিদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। একইসঙ্গে আলামতসহ অন্য বিষয়গুলো জব্দ করতে সক্ষম হয়েছে। তারা ফরেনসিক অ্যানালাইসিস করছে এবং নিহতের পোস্টমর্টেম করেছে। তার দাফন হয়েছে আজকে, আশা করি রামিসা হত্যার বিচারের মতো এই হত্যাকাণ্ডের বিচারটা আমরা সংক্ষিপ্ত সময়ে সমাপ্ত করাতে পারবো।’

এর আগে গত শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে কোটবাড়ির গন্ধমতী এলাকার বাসা থেকে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে মায়ের আইফোন নিয়ে বের হয়েছিল অপ্রতীম। এরপর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি করা হয়। নিখোঁজের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছেলের সন্ধান চেয়ে আবেদন জানান মা ড. নাহিদা বেগম।

সে ছিল পরিবারের একমাত্র সন্তান। তার মা ড. নাহিদা বেগম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক এবং বাবা কে এম ফিরোজ শাহরিয়ার। কোটবাড়ি-গন্ধমতী এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করতো অপ্রিতম। পরে শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী লালমাই সানন্দা পাহাড় এলাকার একটি জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তুহিনকে আটক করে পুলিশ। এরপর তার দেয়ার তথ্য মতে ফাহিম আহমেদ ও আনাস নামে আরও ২ জনকে আটক করা হয়।