প্রায় তিন দশক ধরে পর্দায় নেই, তবুও দর্শকের ভালোবাসায় এখনো অমলিন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক সালমান শাহ। আজ (১৯ সেপ্টেম্বর) তার জন্মদিন। বেঁচে থাকলে আজ তিনি ৫৫তম বছরে পা দিতেন। ১৯৭১ সালের এই দিনে সিলেটে জন্মগ্রহণ করেন শাহরিয়ার চৌধুরী ইমন। চলচ্চিত্রে এসে তিনি পরিচিত হন সালমান শাহ নামে। ১৯৯৩ সালে ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার। সিনেমাটি তাকে তুমুল দর্শকপ্রিয়তা এনে দেয়।
ক্ষণজন্মা তুমুল জনপ্রিয় এই নায়কের ছবিগুলোর মধ্যে অন্যতম ‘অন্তরে অন্তরে’, ‘সুজন সখী’, ‘স্বপ্নের নায়ক’, ‘স্বপ্নের ঠিকানা’, ‘চাওয়া থেকে পাওয়া’, ‘জীবন সংসার’, ‘প্রেম প্রিয়াসী’, ‘সত্যের মৃত্যু নেই’, ‘মায়ের অধিকার’, ‘এই ঘর এই সংসার’, ‘তোমাকে চাই’, ‘আনন্দ অশ্রু’, ‘বুকের ভেতর আগুন’ ইত্যাদি। অভিনয়ের পাশাপাশি সালমান শাহর পোশাক, চুলের কাট ও ফ্যাশনও নব্বইয়ের দশকের তরুণদের মধ্যে ব্যাপক জনপ্রিয় ছিল। রুপালি পর্দায় সালমান শাহর সঙ্গে চিত্রনায়িকা শাবনূরের জুটি ছিল সবচেয়ে বেশি জনপ্রিয়। বাংলা চলচ্চিত্রের ইতিহাসে তাদেরকে অন্যতম সেরা জুটি বলা হয়। ক্যারিয়ারে সালমানের করা ২৭টি সিনেমার মধ্যে ১৪টিতেই তার নায়িকা ছিলেন শাবনূর। যদিও সালমান শাহ তার অভিনয় জীবন শুরু করেন টেলিভিশন নাটক দিয়ে।
১৯৮৫ সালে বিটিভির ‘আকাশ ছোঁয়া’ নাটকের মাধ্যমে অভিনয়ে যাত্রা শুরু করেন নব্বই দশকের তুমুল জনপ্রিয় এই চিত্রনায়ক। এরপর কাজ করেছেন—দেয়াল (১৯৮৫), সব পাখি ঘরে ফেরে (১৯৮৫), সৈকতে সারস (১৯৮৮), নয়ন (১৯৯৫) এবং সবশেষ স্বপ্নের পৃথিবী (১৯৯৬) নাটকে। এদিকে মাত্র চার বছরের ক্যারিয়ারে ২৭টি সিনেমায় অভিনয় করেন তিনি। সবার প্রিয় এ ‘স্বপ্নের নায়ক’ ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর পৃথিবীর মায়া ত্যাগ করে পাড়ি জমান না ফেরার দেশে, মৃত্যুর কারণ এখনো রহস্যের চাদরে মোড়ানো।
