যেকোনো সম্পর্ক টিকিয়ে রাখতে শুধু অর্থের প্রয়োজন নেই। সময়, যত্ন, সম্মান, ভালো ব্যবহার ও আন্তরিকতাই সম্পর্কের বড় বিনিয়োগ বলে মনে করেন চিত্রনায়িকা বর্ষা। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে সম্পর্ক নিয়ে নিজের ভাবনার কথা জানান তিনি। বর্ষা লেখেন, সম্পর্ক টিকিয়ে রাখতে হলে সেখানে বিনিয়োগ করতে হয়। তবে এই বিনিয়োগ বলতে শুধু টাকা-পয়সা বোঝায় না। জীবনে চলার জন্য অর্থের প্রয়োজন থাকলেও সম্পর্ক ধরে রাখার ক্ষেত্রে অর্থই সব নয়।
তার মতে, সম্পর্কের আসল বিনিয়োগ হলো সময় দেয়া, যত্ন নেয়া, ভালো ব্যবহার করা এবং একজন মানুষকে পারিবারিক বন্ধনের সঙ্গে যুক্ত করা। পছন্দের মানুষকে পরিবারের সদস্যদের সঙ্গে পরিচয় করিয়ে দেয়ার পরামর্শও দেন তিনি। বর্ষা বলেন, কোনো মানুষকে যদি জীবনে দীর্ঘদিন রাখতে চান, তাহলে তাকে পরিবার ও পারিবারিক বন্ধনের সঙ্গে যুক্ত করা উচিত। এতে শুধু দু’জন মানুষের মধ্যে নয়, দুই পরিবারের মধ্যেও মায়া, সম্মান ও দায়বদ্ধতার সম্পর্ক তৈরি হয়।
তার ভাষ্য, কোনো সম্পর্ক যখন পরিবারের সঙ্গে যুক্ত হয়, তখন সেখান থেকে সরে আসার আগে মানুষ একবার হলেও ভাবেন, আমি চলে গেলে কী হবে? ‘মোস্ট ওয়েলকাম’ সিনেমার এই অভিনেত্রী মনে করেন, দীর্ঘস্থায়ী সম্পর্কের জন্য শুধু ভালোবাসা যথেষ্ট নয়। এর সঙ্গে সময়, যত্ন, সম্মান, ভালো ব্যবহার ও আন্তরিকতাও জরুরি।
