ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন সামনে রেখে বিএনপির স্থায়ী কমিটির (মনোনয়ন বোর্ড) বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকের সিদ্ধান্ত পরে জানানো হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার রাতে রাজধানীর গুলশানে দলের চেয়ারম্যান রাজনৈতিক কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটি ও পার্লামেন্টারি বোর্ডের বৈঠক হয়। এতে সভাপতিত্ব করেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
রুহুল কবির রিজভী বলেন, আজকে স্থায়ী কমিটির যে, সেটি মূলত মনোনয়ন বোর্ডের বৈঠক। ঠাকুরগাঁও-১ আসন শূন্য হয়েছে। যেখানে এমপি ছিলেন আমাদের প্রেসিডেন্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেই আসনে নির্বাচন হচ্ছে আগামী ২৯শে অক্টোবর। নির্বাচন কমিশনে মনোনয়ন ফরম জমা দিতে হবে, ২৭ সেপ্টেম্বর। আমরা সাক্ষাৎকার গ্রহণ করেছি। সিদ্ধান্তটি পরে জানানো হবে।
গত ১৬ সেপ্টেম্বর রাজধানীর নয়াপল্টনে ঠাকুরগাঁও-১ আসনে উপ-নির্বাচনে দলীয় মনোনয়ন ফরম জমা দেন ৩ জন। তারা হলেন- প্রেসিডেন্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই মির্জা ফয়সাল আমিন, সুলতানুল ফেরদৌস নম্র চৌধুরী এবং ওবায়েদুল্লাহ মাসদু। এরমধ্যে ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন। দলীয় সূত্রে জানা গেছে, মির্জা ফয়সাল আমিনের হাতে তুলে দেয়া হতে পারে ধানের শীষ। উল্লেখ্য যে, আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও- ১ আসনের উপনির্বাচনে ভোট হবে।
