বিতর্কের মুখে অঙ্কিতা

বিতর্কের মুখে অঙ্কিতা

ফন্ট সাইজ:

হিন্দি টেলিভিশনের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে। ধারাবাহিকের পাশাপাশি সিনেমাতেও তার অভিনয় দর্শকমহলে প্রশংসিত। সোশ্যাল মিডিয়াতেও খুবই সক্রিয় অভিনেত্রী। তবে গণেশ চতুর্থী পূজার দিন অঙ্কিতার একাধিক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল। যা দেখে নেটভুবনে সমালোচনার মুখে পড়েছেন তিনি। অভিনেতা অর্জুন বিজলানির বাড়িতে গণেশ আরতির সময় অঙ্কিতা যেন একেবারে বেসামাল! উজ্জ্বল লাল বর্ণের শাড়িতে ঠিকরে বের হয় গ্ল্যামার, কিন্তু তার অদ্ভুত আচরণ, নাচের ভঙ্গিমা দেখে তাজ্জব নেটপাড়া। অঙ্কিতা ও অর্জুন দীর্ঘদিনের পরিচিত। জনপ্রিয় রিয়েলিটি শো ‘লাফটার শেফ’-এও একসঙ্গে দেখা গিয়েছিল।

ভারত জুড়ে অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার সঙ্গে গণেশোৎসব পালিত হয়েছে। ঘরে ঘরে সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি প্রত্যেকেই উৎসবের আনন্দে গা ভাসিয়েছিলেন। ইন্ডাস্ট্রির পরিচিতরা একে অপরের বাড়িতে নিমন্ত্রিত ছিলেন। তার বাড়িতে অঙ্কিতার এই ‘নাটকীয়’ মুহূর্তের ভিডিও সমাজমাধ্যমে পোস্ট করেছেন এক সেলেব পাপারাজ্জি। সেখানেই ধরা পড়েছে তার কাণ্ডকারখানা। তার কীর্তিতে হাসি থামাতে পারেননি স্বামী ভিকি জৈন ও পাশে থাকা সদস্যরা। একটা সময় তো উদ্দাম নাচে একেবারে মাতোয়ারা অভিনেত্রী। গণেশ বন্দনার সময় এমন ‘অভব্য’ আচরণে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে বিতর্ক। কয়েকজন নেটিজেন অঙ্কিতার আচরণ নিয়ে প্রশ্ন তোলেন।

একজনের মন্তব্য, উপাসনার সময় এ ধরনের শব্দ বা এহেন প্রতিক্রিয়া কোনোভাবেই কাম্য নয়। সোশ্যালপাড়ার কয়েকজন আবার নিশ্চিত, অঙ্কিতা মদ্যপ অবস্থায় ছিলেন! এক নেটিজেনের মন্তব্য, মনে হচ্ছে উনি অতিরিক্ত অভিনয় করছেন।