না বলা কথা বলবেন কাজী হায়াত

না বলা কথা বলবেন কাজী হায়াত

ফন্ট সাইজ:

১৯৭৯ সাল থেকে চলচ্চিত্র পরিচালনার সঙ্গে যুক্ত আছেন কাজী হায়াত। ৫২টি সিনেমা নির্মাণ করে পরিচালক ও লেখক হিসেবে ৯ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। নিজের পরিচালিত প্রতিটি সিনেমাই তিনি নিজে লিখেছেন। আর এই সিনেমাগুলোয় যারা অভিনয় করেছেন সবার মধ্যে নায়ক আলমগীরকে তিনি শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে উল্লেখ করেছেন। পরিচালক কাজী হায়াত অভিনেতা হিসেবে আলমগীরকে ১০-এ ১০ দেবেন। সম্প্রতি জনপ্রিয় পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’-তে অতিথি হয়ে এসেছেন চলচ্চিত্র পরিচালক কাজী হায়াত। রুম্মান রশীদ খানের সঞ্চালনায় পডকাস্টটির এই পর্ব প্রচারিত হবে আজ রাত ৯টায় মাছরাঙা টেলিভিশন ও রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ।

এতে অনেক না বলা কথা বলেছেন এই পরিচালক। আম্মাজান, দাঙ্গা, ত্রাস, লুটতরাজ খ্যাত পরিচালক কাজী হায়াত বলেছেন, ১৯৭৯ সালে ২৫ হাজার টাকার জন্য প্রথম সিনেমা মুক্তি দিতে পারছিলেন না তিনি। সে সময় স্ত্রীর গহনা বন্ধক রেখে প্রযোজককে টাকা দিয়ে সেই সিনেমা মুক্তি দিয়েছিলেন। ‘দ্য ফাদার’ নামের সেই সিনেমার কথা এখনো দর্শকরা স্মরণ করেন। ছোটবেলায় তালপাতা কেটে সিদ্ধ করে সেই লম্বা তালপাতার উপর অক্ষর এঁকে পেরেক দিয়ে দিতেন কাজী হায়াতের মা। সেটির উপর বাঁশের কঞ্চির কলম দিয়ে ঘুরিয়ে বর্ণমালা শিখেছেন কাজী হায়াত। উত্তম কুমার-সুচিত্রা সেন অভিনীত ‘সাগরিকা’ সিনেমা দেখেছিলেন ক্লাস ফোরে, মামার সঙ্গে। সে সময় থেকেই চলচ্চিত্রের প্রেমে পড়েছিলেন তিনি। অনুষ্ঠানটি প্রযোজনা করছেন জেড আই ফয়সাল।