প্রথমবার গিয়াসউদ্দিন সেলিমের পরিচালনায় অভিনয় করেছেন প্রান্তর দস্তিদার। নির্মাতার নতুন ওয়েব ফিকশন ‘সেপারেশন’-এ একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাকে। এরইমধ্যে শেষ হয়েছে ফিকশনটিতে প্রান্তরের অংশের দৃশ্যধারণ। গল্প ও চরিত্র নিয়ে নির্মাতা এখনো বিস্তারিত কিছু প্রকাশ করেননি। তবে সংশ্লিষ্টদের ভাষ্য, গল্পের গুরুত্বপূর্ণ একটি অংশ জুড়ে থাকছে প্রান্তরের চরিত্র। ‘সেপারেশন’-এ প্রান্তর দস্তিদারের পাশাপাশি অভিনয় করছেন পরীমনি। এখানে ভিন্ন আঙ্গিকে দেখা মিলবে এ জুটির। এতে আরও অভিনয় করেছেন- ইমতিয়াজ বর্ষণ, নিরব হোসেন ও শার্লিন ফারজানা। এর মধ্যে পরীমনির সঙ্গে প্রায় চার বছর পর আবারো গিয়াসউদ্দিন সেলিমের পরিচালনায় কাজ করছেন। এর আগে নির্মাতার ‘স্বপ্নজাল’ ও ‘গুণিন’ সিনেমায় অভিনয় করেছেন পরীমনি।
সম্প্রতি শুটিং সেট থেকে একটি ছবি প্রকাশ করে পরীমনি সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, বিস্মিল্লাহ্, সেপারেশন গিয়াসউদ্দিন সেলিম’। এরপর থেকেই ওয়েব ফিকশনটি নিয়ে দর্শকদের আগ্রহ তৈরি হয়েছে।
‘সেপারেশন’ মুক্তি পাবে স্ট্রিমিং প্ল্যাটফরম আইস্ক্রিনে। তবে মুক্তির নির্দিষ্ট তারিখ এখনো ঘোষণা করা হয়নি। এদিকে, প্রান্তর আরও বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। বিশেষ করে নাটকের কাজে। অন্যদিকে, পরীমনি অভিনীত ‘ডোডোর গল্প’ সিনেমাটি মুক্তির অপেক্ষায় আছে। এতে তিনি অভিনয় করেছেন সায়মন সাদিকের বিপরীতে। জানা গেছে, নতুন বছরে ছবিটি মুক্তির পরিকল্পনা চলছে।
