দেশি রক থেকে পাকিস্তানি সংগীত- সেপ্টেম্বরের শেষভাগ ও অক্টোবরের শুরুতে ঢাকার কনসার্ট অঙ্গনে থাকছে বৈচিত্র্যময় আয়োজন। মাত্র ১৫ দিনের ব্যবধানে অনুষ্ঠিত হবে তিনটি কনসার্ট। এতে দেশের জনপ্রিয় ব্যান্ডের পাশাপাশি মঞ্চে উঠবেন পাকিস্তানের ব্যান্ড কাবিশ ও সংগীতশিল্পী আসিম আজহার। এই আয়োজনের শুরু ১৮ই সেপ্টেম্বর। ঢাকার আলোকিতে ‘এক্স ফোর্স প্রেজেন্টস মিক্সটেপ ভলিউম ৩’ কনসার্টে পারফর্ম করবে দেশের ১০টি ব্যান্ড।
নেমেসিস, অ্যাভয়েডরাফা, ইন্দালো, কার্নিভ্যাল, আফটারম্যাথ, কনক্লুশন ও ফিরোজ জংয়ের পাশাপাশি আরও কয়েকটি ব্যান্ড থাকবে এতে। বেলা আড়াইটায় শুরু হয়ে কনসার্ট চলবে রাত সাড়ে ৮টা পর্যন্ত। টিকিট পাওয়া যাচ্ছে সেট সেট রক ডটকমে। ২৬শে সেপ্টেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে ‘ওয়েভ ফেস্ট: এনজয় দ্য ফুল মুন’। এতে পাকিস্তানি ব্যান্ড কাবিশের সঙ্গে গাইবে শিরোনামহীন ও মেঘদল। ভেন্যু এখনো ঘোষণা করা হয়নি।
এর আগে গত ৫ই ডিসেম্বর কনসার্টটি হওয়ার কথা থাকলেও অনুমতি না পাওয়ায় স্থগিত হয়। পুরনো টিকিট নতুন আয়োজনে ব্যবহার করা যাবে বলে জানিয়েছে আয়োজক প্রাইম ওয়েভ কমিউনিকেশন। নতুন টিকিট পাওয়া যাবে টিকিফাইয়ে। ২রা অক্টোবর স্বদেশ অ্যারেনায় গান করবেন আসিম আজহার। ‘দ্য আসিম আলী ট্যুর’র অংশ হিসেবে আয়োজিত এ কনসার্টে থাকবে ওয়ারফেজ ও মডার্নোটাকু।
