মনোহরগঞ্জ উপজেলার খিলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির চেয়ারম্যান মনোনয়নপ্রত্যাশী কুমিল্লা দক্ষিণ জেলা যুবদল নেতা ও মনোহরগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. মনজুর ইসলাম ইউনিয়নজুড়ে গণসংযোগ ও মোটরসাইকেল শোভাযাত্রা করেছেন। এতে শতাধিক মোটরসাইকেল নিয়ে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গণসংযোগ ও শোভাযাত্রায় অংশ গ্রহণ করেন।
বুধবার (১৬ই সেপ্টেম্বর) উপজেলার সদরে অবস্থিত মো. মনজুর ইসলামের নির্বাচনী অফিস থেকে বের হয়ে মনোহরগঞ্জ বাজার ও খিলা ইউনিয়নে সকল ওয়ার্ড-গ্রামে গণসংযোগ করেন। মোটরসাইকেল শোভাযাত্রা চলাকালে নেতাকর্মীরা হাতে প্লে কার্ড, ফেস্টুন নিয়ে বিভিন্ন শ্লোগানে মুখরিত করে তোলেন। এসময় সাধারণ মানুষ ও ভোটারদের উচ্ছ্বসিত দেখা যায়।
গণসংযোগ চলাকালে মো. মনজুর ইসলাম ভোটারদের উদ্দেশ্যে বলেন, আমি এই খিলা ইউনিয়নের সন্তান। ছাত্রজীবন থেকেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের একজন কর্মী হয়ে আজ পর্যন্ত পর্যন্ত সে আদর্শ বুকে ধারণ করে দলটির বিভিন্ন দায়িত্ব পালন করে আসছি।
তিনি বলেন, গত ১৭ বছরে গণতন্ত্র মুক্তির আন্দোলনে আমি বারবার মৃত্যুর মুখোমুখি হয়েছিলাম। অসংখ্য হামলা-মামলার শিকার হয়েছি। তারপরও বিএনপির আদর্শ ও তৃণমূলের বিএনপির নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করিনি। আপনারা আমাকে চেনেন। আমি বিএনপির মনোনয়ন পেয়ে যদি নির্বাচিত হতে পারি, ইনশাআল্লাহ, খিলা ইউনিয়নকে একটি মডেল ইউনিয়নে পরিনত করতে বদ্ধ পরিকর।
তিনি আরও বলেন, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং লাকসাম-মনোহরগঞ্জ উপজেলার অভিভাবক মো. আবুল কালাম এমপি’র দিক নির্দেশনা অনুযায়ী সকল উন্নয়ন কার্যক্রম পরিচালনা করবো। এসময় মনোহরগঞ্জ উপজেলা ও খিলা ইউনিয়ন বিএনপি এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
