চট্টগ্রামের সীতাকুণ্ডে টেরিয়াইল স্কুলের শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। গত বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার ২ নম্বর বারৈয়াঢালা ইউনিয়নের টেরিয়াইল বাজারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা মাহমুদুল হকের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা মোশারফ হোসাইনের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন সীতাকুণ্ড উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. কুতুব উদ্দিন শিবলী। বিশেষ অতিথি ছিলেন ছাত্রশিবিরের উপজেলা সভাপতি আব্দুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি মো. মিছবাহুল আলম রাসেল ও উপজেলা যুব বিভাগের সভাপতি শামছুল হুদা।
এ সময় ইউনিয়ন জামায়াতের সহকারী সেক্রেটারি নুর মোহাম্মদ, সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম, জামায়াত নেতা ওমর ফারুক চৌধুরী, শাহদাত হোসেন, রফিক উদ্দিন, আতিকুল ইসলাম সাকিবসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, মাদকবিরোধী অবস্থান নেয়ায় স্কুলপড়ুয়া শিক্ষার্থী ও ছাত্রশিবিরের কর্মীদের ওপর অতর্কিত হামলা চালানো হয়েছে। তারা মাদকের বিস্তার রোধ এবং শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের চলমান মাদকবিরোধী অভিযান আরও জোরদারের দাবি জানান।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখতে সামাজিকভাবে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। বারৈয়াঢালা থেকে সলিমপুর পর্যন্ত সীতাকুণ্ডকে মাদকমুক্ত করতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
