সিলেট নগরের চৌকিদেখী এলাকার ব্রিটেনিয়া সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে। নিহত দিপাঞ্জন ঘোষ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
জানা যায়, বুধবার ছিল তাদের সেমিস্টারের শেষ ক্লাস। ক্লাস শেষে বন্ধুরা মিলে ব্রিটেনিয়া সুইমিং পুলে সাঁতার কাটতে যান। একপর্যায়ে পানিতে তলিয়ে যান দিপাঞ্জন। পরে সহপাঠীরা তাকে উদ্ধার করে নগরের দরগা গেট এলাকার নূরজাহান হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শাবিপ্রবির প্রক্টর অধ্যাপক মোখলেছুর রহমান। তিনি বলেন, ‘আজ তাদের সেমিস্টারের শেষ ক্লাস ছিল। এজন্য বন্ধুরা মিলে সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়েছিল। একপর্যায়ে সে পানিতে তলিয়ে যায়। পরে তার সহপাঠীরা তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
তিনি বলেন, নিহত শিক্ষার্থীর পরিবারকে খবর পাঠানো হয়েছে। তারা এলে মরদেহ হস্তান্তর করা হবে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ওসমানী হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে।
নূরজাহান হাসপাতালের পরিচালক ডা. নাসিম আহমদ বলেন, ‘ওই শিক্ষার্থীকে মৃত অবস্থাতেই আমাদের হাসপাতালে আনা হয়েছে।’
সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে প্রাণ গেল শাবি শিক্ষার্থীর
শাবি প্রতিনিধি
বাংলারজমিন
৫৩ মিনিট আগে
১৭ সেপ্টেম্বর (বৃহস্পতিবার), ২০২৬, ১২ঃ১২ (পূর্বাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
