প্রেসিডেন্টের সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হকের সৌজন্য সাক্ষাৎ

প্রেসিডেন্টের সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হকের সৌজন্য সাক্ষাৎ

ফন্ট সাইজ:

প্রেসিডেন্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বঙ্গভবনে প্রেসিডেন্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। এই সময় তার সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী উপস্থিত ছিলেন।

সৌজন্য সাক্ষাৎকালে সাইফুল হক জাতীয় সংসদে বিপুল সংখ্যাগরিষ্ঠতায় নির্বাচিত হয়ে দেশের প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানান এবং বলেন প্রেসিডেন্ট হিসাবে তাকে নির্বাচন ও তার এই দায়িত্ব গ্রহণ দেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

তিনি আশা প্রকাশ করেন, রাষ্ট্রের প্রধান অভিভাবক হিসাবে প্রগতিশীল, গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক ও বহুত্ববাদী ধারায় দেশকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে মির্জা ফখরুল তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করবেন।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতারা প্রেসিডেন্টের সুস্বাস্থ্য কামনা করেন।

প্রেসিডেন্ট বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতাদের ধন্যবাদ জানান এবং শ্রদ্ধার সঙ্গে ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও দেশের গণতান্ত্রিক উত্তরণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতা কর্মীসহ দেশের জনগণের সাহসী ভূমিকার কথা স্মরণ করেন।