হাতকড়াসহ আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় ওসি ক্লোজড গ্রেপ্তার ৫

ফন্ট সাইজ:

কিশোরগঞ্জের কুলিয়ারচরে পুলিশি হেফাজত থেকে হাতকড়াসহ আওয়ামী লীগ নেতা রেনু মিয়া পালিয়ে যাওয়ার ঘটনায় থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী আরিফ উদ্দিনকে শোকজ করে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে। এ ঘটনায় পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শারফিন মিয়া বাদী হয়ে রেনু মিয়াকে হাতকড়াসহ ছিনিয়ে নেয়া, পুলিশের কাজে বাধা ও পুলিশ সদস্যদের ওপর হামলার অভিযোগে আওয়ামী লীগ নেতা রেনু মিয়াসহ ১৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করে মামলা দায়ের করেছে।

মামলার এজাহারে পুলিশের সঙ্গে ধস্তাধস্তির সময় এসআই শরাফিন মিয়া, কনস্টেবল বাবলু মিয়া ও কনস্টেবল সোহেল রানা আহত এবং পরে তারা কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন বলে উল্লেখ করা হয়েছে। পরে এ মামলায় রেনু মিয়া ছাড়াও মনির হোসেনের স্ত্রী মোছা. ইতি আক্তার (২৩), রবিন মিয়ার স্ত্রী মোছা. সাদিয়া (২০), বাবুল মিয়ার স্ত্রী আকলিমা আক্তার (২৬) ও সুজন মিয়ার স্ত্রী রত্না (৩০)সহ ৫ জনকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে।

এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। উল্লেখ, এর আগে গত সোমবার দুপুরে উপজেলার ছয়সূতি ইউনিয়নের মাধবদী গ্রামের আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি রেনু মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে দুই হাতে হাতকড়া পরায়। এ সময় পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন সেখানে জড়ো হলে লোকজনের ভিড়ের মধ্যে কৌশলে পুলিশ হেফাজত থেকে হাতকড়াসহ পালিয়ে যান রেনু মিয়া। ঘটনার পর রেনু মিয়াকে পুনরায় গ্রেপ্তারে পুলিশ সাঁড়াশি অভিযান শুরু করে। একপর্যায়ে ওই দিনই রাত আনুমানিক ৯টা ৫০ মিনিটে মাধবদী এলাকায় তাকে হাতকড়াসহ পুনরায় গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।