ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ছাদ ধসে আহত ৪

ফন্ট সাইজ:

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ছাদের নিচের অংশের প্লাস্টার খসে পড়ে চারজন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে জরুরি বিভাগের চিকিৎসক ও একজন সহযোগী রয়েছেন। বুধবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় জরুরি বিভাগে চিকিৎসাসেবা নিতে আসা ১০ থেকে ১২ জন রোগী এবং চিকিৎসকের তিনজন সহযোগী ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় ৭০ বছরের পুরনো ভবনটির ছাদের নিচের অংশে প্লাস্টিকের বোর্ড লাগানো ছিল। দুপুরে হঠাৎ ছাদের প্লাস্টার খসে ওই বোর্ডের উপর পড়ে। পরে প্লাস্টারসহ বোর্ডটি জরুরি বিভাগের ভেতরে থাকা লোকজনের ওপর পড়ে। এতে জরুরি বিভাগের সহযোগী রফিকুল ইসলামসহ চারজন আহত হন। ঘটনার পর আহত ব্যক্তিদের দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই চিকিৎসা দেয়া হয়। এ সময় জরুরি বিভাগে থাকা রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সাজেদুর রহমান বলেন, ‘এটি একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা। ছাদের প্লাস্টার ধসে পড়ে কয়েকজন আহত হয়েছেন। আহতদের চিকিৎসা দেয়া হয়েছে।’

বিষয়টি দিনাজপুরের সিভিল সার্জনকে জানানো হয়েছে বলেও তিনি জানান। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, প্রায় ৭০ বছরের পুরনো ভবনটির জরাজীর্ণ অবস্থা নিয়ে দীর্ঘদিন ধরে উদ্বেগ রয়েছে। ভবনটি দ্রুত পরিদর্শন করে প্রয়োজনীয় সংস্কার ও নিরাপত্তামূলক ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।