ডেঙ্গুতে প্রাণ হারালেন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী নূর জাহান

ফন্ট সাইজ:

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী নূর জাহান। বুধবার ভোর ৫টার দিকে ঢাকার পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন নূর জাহান। তিনি কুমিল্লার মুরাদনগর উপজেলার মোছাগাড়া গ্রামের জোবায়ের হোসেনের স্ত্রী।
জানা যায়, দেড় বছর আগে জোবায়ের হোসেনের সঙ্গে নূর জাহানের বিয়ে হয়। এ দম্পতির প্রথম সন্তান আসছেÑ এমন খবরে পরিবারে ছিল আনন্দ-উচ্ছ্বাস। নূর জাহান ৯ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। তার স্বামী জোবায়ের হোসেন বলেন, আগামী মাসে আমাদের সন্তান ভূমিষ্ঠ হওয়ার কথা ছিল। গত শুক্রবার সামান্য জ্বর আসে তার স্ত্রীর। পরে নানা সমস্যা দেখা দিলে কুমিল্লায় চিকিৎসায় পরিস্থিতির উন্নতি হয়নি।

তাই তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার পিজি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে তার মৃত্যু হয়। এদিকে, নূর জাহানের মৃত্যুতে শোক জানিয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষসহ বাংলা বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।

বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মো. মশিউর রহমান ভূঞা বলেন, আমাদের প্রিয় ছাত্রী নূর জাহান অত্যন্ত ভদ্র মেয়ে ছিলেন। লেখাপড়ার বাইরেও বিভাগের বিভিন্ন অনুষ্ঠানে সে অংশগ্রহণ করতো। তার মৃত্যুর সংবাদে আমরা অত্যন্ত ব্যথিত। বাদ জোহর গ্রামের বাড়িতে জানাজায় কলেজের শিক্ষকদের একটি প্রতিনিধি দল অংশ নেয়।
কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল বাসার ভুইয়া বলেন, একজন মেধাবী ছাত্রীর এ অকাল মৃত্যু সত্যিই দুঃখজনক। আমরা কলেজ পরিবার এ ছাত্রীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও তার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।