কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) নতুন অফিস ও ২০০ টন ধারণক্ষমতার বীজ সংরক্ষণাগারের নির্মাণ কাজ উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে পাকুন্দিয়া প্রেস ক্লাব সংলগ্ন মাঠে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফলক উন্মোচনের মাধ্যমে এ নির্মাণ কাজের উদ্বোধন করেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য এডভোকেট মো. জালাল উদ্দিন। এতে সভাপতিত্ব করেন কৃষক পর্যায়ে বিএডিসি’র বীজ সরবরাহ কার্যক্রম জোরদারকরণ প্রকল্পের প্রকল্প পরিচালক মো. মাহমুদুল আলম।
পাকুন্দিয়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. মজিবুর রহমান জিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পাকুন্দিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রূপম দাস, বিএডিসি’র তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহসান উদ্দিন আহাম্মেদ, বিএডিসি কিশোরগঞ্জ জেলার যুগ্ম পরিচালক ইকবাল মোহাম্মদ মোমতাসির, জেলা উপ-পরিচালক (বীজ) মো. জয়নাল আবেদিন, উপ-পরিচালক আক্তারুজ্জামান এবং পাকুন্দিয়া কোল্ড স্টোরের উপ-পরিচালক মো. হারুন অর রশীদ। বক্তারা বলেন, নতুন অফিস ও বীজ সংরক্ষণাগার স্থাপনের ফলে পাকুন্দিয়ায় বিএডিসি’র কার্যক্রম আরও গতিশীল হবে। পাশাপাশি কৃষকদের জন্য মানসম্মত বীজ সংরক্ষণ ও সরবরাহ ব্যবস্থাপনায় এ স্থাপনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
