রাঙ্গামাটির নানিয়ারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রহরী কনক কুমার চাকমাকে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে। গতকাল দিবাগত রাত ১২টার দিকে বিদ্যালয় এলাকায় এ ঘটনা ঘটে। আহত কনক চাকমা উপজেলার খামারপাড়া এলাকার মৃত ভুলক চন্দ্র চাকমার ছেলে। হামলায় তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নানিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে রাঙ্গামাটি সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। স্থানীয়দের ভাষ্য, রাতের দিকে কয়েকজন ব্যক্তি তার উপর হামলা চালিয়ে পালিয়ে যায়।
এতে বিদ্যালয়ের প্রহরীর কক্ষ ও আশপাশের এলাকায় রক্তের দাগ পাওয়া যায়। তবে পুলিশের প্রাথমিক অনুসন্ধানে ঘটনাটির ভিন্ন একটি কারণের সম্ভাবনার কথা জানানো হয়েছে। নানিয়ারচর থানার উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কনকের কক্ষ ও আশপাশের এলাকা রক্তাক্ত অবস্থায় দেখতে পায়। পরে নানিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে তাকে মদ্যপ অবস্থায় পাওয়া যায়। পুলিশের ধারণা, ঘটনার আগে ৪-৫ জন ব্যক্তি একসঙ্গে মদ পান করছিলেন। পরে তাদের মধ্যে কোনো বিষয় নিয়ে বিরোধের সৃষ্টি হলে কনক কুমার চাকমাকে মারধর করা হয়ে থাকতে পারে। হামলার পর জড়িত ব্যক্তিরা পালিয়ে যায় বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। ঘটনার প্রকৃত কারণ এবং হামলায় কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
