বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

ফন্ট সাইজ:

কুষ্টিয়ার দৌলতপুরে বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় ওয়াদ মালিথা (৭০) নামে একজন বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা বখাটে ৩ কিশোরকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার আড়িয়া ইউনিয়নের ঘোড়ামারা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত ওয়াদ একই গ্রামের মৃত আদু মালিথার ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দৌলতপুর-খলিশাকুন্ডি সড়কের পাশে সকালে ওয়াদ মালিথা নিজ বাড়ির সামনে বসে ছিলেন। এ সময় মোটরসাইকেলে ৪ জন কিশোর দ্রুতগতিতে খলিশাকুন্ডির দিকে যাচ্ছিলেন। একপর্যায়ে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বসে থাকা ওয়াদকে ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর মোটরসাইকেলের চালক আলামিন (১৭) পালিয়ে গেলেও মোটরসাইকেলে থাকা আরোহী রাব্বি (১৬), হুসাইন (১৭) ও মুরসালিন (১৬) নামে ৩ কিশোরকে পুলিশের কাছে সোপর্দ করে এলাকাবাসী। এ বিষয়ে দৌলতপুর থানার ওসি খালিদুর রহমান জানান, মোটরসাইকেলে থাকা তিনজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে।