হেফাজতে ইসলামের আমীর শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছে। বুধবার ফেনীর মহিপালে তাকে বহনকারী গাড়িকে পেছন থেকে একটি লোকাল বাস ধাক্কা দিলে গাড়ির পেছনের কাঁচ ভেঙে যায়। তবে তিনি ও তার সফরসঙ্গীরা অক্ষত আছেন।
আমীরের ব্যক্তিগত সচিব রহমত উল্লাহ জানান, নোয়াখালীর একটি নির্ধারিত কর্মসূচিতে যোগ দিতে সকালে ফটিকছড়ি থেকে রওনা হন আমীর। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মহিপালে পৌঁছানোর ঠিক আগমুহূর্তে সকাল ১০টার দিকে পেছন থেকে বাসটি তাদের গাড়িকে ধাক্কা দেয়।
সফরসঙ্গীরা বাসটি মহিপাল পর্যন্ত নিয়ে গিয়ে আটক করেন। আমীর অক্ষত থাকায় তারা অন্য একটি গাড়িতে করে নোয়াখালীর মাইজদীতে পৌঁছান। ফেনী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শামসুজ্জামান বলেন, বাসের ধাক্কায় হেফাজত আমীরের গাড়ির পেছনের গ্লাস ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ঘটনার পরপরই তিনি আরেকটি গাড়িতে করে নোয়াখালী চলে যান। ওসি আরও বলেন, বিষয়টি হাইওয়ে পুলিশ দেখছে। আমীরের পক্ষ থেকে গাড়িটি রেখে স্থানীয়ভাবে এবং চালকের সঙ্গে বসে বিষয়টি মীমাংসা করার কথা বলা হয়েছে।
