ভারতে কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরলেন পাচার হওয়া ১৮ জন বাংলাদেশি নারী-পুরুষ ও শিশু। বুধবার বিকাল ৫টায় ভারতীয় পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেন। এদের মধ্যে ৬ জন পুরুষ ও ৯ জন নারী ও তিনজন শিশু। ফেরত আসারাÑ যশোর, খুলনা, পঞ্চগড়, সাতক্ষীরা, ঠাকুরগাঁও, দিনাজপুর, লালমনিরহাট, গোপালগঞ্জ, বরিশাল, নরসিংদী ও চট্টগ্রাম জেলার বাসিন্দা।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান জানান, ভালো কাজের আশায় দালালের মাধ্যমে তারা বিভিন্ন সময়ে সীমান্তপথ দিয়ে অবৈধভাবে ভারতের কলকাতায় গিয়েছিলেন। সেখানে বাসাবাড়ি ও ক্ষেত খামারে কাজ করার সময় সে দেশের পুলিশের হাতে আটক হন তারা।
পুলিশ তাদের আটক করে আদালতে পাঠায়। অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আদালত তাদের কারও ৬ মাস, কারও এক বছর কারও, দুই বছর, কারও তিন বছর সাজা দিয়ে কারাগারে পাঠায়। এদের মধ্যে আনজু বেগম নামে এক নারী ১৫ বছর কারাভোগ করেন। কারাভোগ শেষে ভারতের কলকাতার একটি মানবাধিকার সংস্থা দায়িত্ব নিয়ে তাদের শেল্টার হোমে রাখে। পরে উভয় দেশের দূতাবাসের সহযোগিতায় এবং ভারত সরকারের দেয়া বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বুধবার বিকালে তারা দেশে ফেরেন।
ওসি আরও জানান, ভারত ফেরত ১৮ নারী-পুরুষ ও শিশুকে ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে মানবাধিকার সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ার ও রাইটস যশোর তাদের গ্রহণ করে নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করবে।
