বান্দরবানে ১ কোটি ৬১ লাখ টাকার দুই উন্নয়ন কাজের উদ্বোধন

ফন্ট সাইজ:

বান্দরবান সদর উপজেলায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে প্রায় ১ কোটি ৬১ লাখ টাকা ব্যয়ে দু’টি উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকালে এসব উন্নয়ন কাজের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী রাজপুত্র সাচিং প্রু জেরী এমপি। উদ্বোধন করা কাজগুলোর মধ্যে রয়েছে সদর উপজেলার ত্রুাউ আমতলীপাড়া ব্রিজ ও রাস্তা নির্মাণে ১ কোটি ১৩ লাখ টাকা এবং ডলুপাড়া সড়ক আরসিসিকরণে ৪৭ লাখ টাকা। উদ্বোধন অনুষ্ঠানে পার্বত্যমন্ত্রী সাচিং প্রু জেরী বলেন, পাহাড়ি জনপদের মানুষের জীবনমান উন্নয়ন ও যোগাযোগব্যবস্থার আধুনিকায়নে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। দুর্গম এলাকার মানুষের যাতায়াত সহজ করতে সড়ক, ব্রিজ, কালভার্টসহ প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ ও উন্নয়নকে গুরুত্ব দেয়া হচ্ছে।

এসব প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে স্থানীয় মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ কমবে এবং কৃষি, ব্যবসা-বাণিজ্য ও শিক্ষা-চিকিৎসাসহ বিভিন্ন ক্ষেত্রে মানুষের সুযোগ-সুবিধা বাড়বে। তিনি আরও বলেন, বান্দরবানের প্রত্যন্ত এলাকাগুলোকে উন্নয়নের মূলধারায় আনতে সমন্বিতভাবে কাজ করা হচ্ছে। উন্নয়নের সুফল যাতে পাহাড়ের প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষও পায়, সে বিষয়টি গুরুত্ব দিয়ে প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করা হবে। অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) অনুপ কুমার চাকমা, ভাইস চেয়ারম্যান শেখ ছালে আহম্মাদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা হীরামনি, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিট অফিসার আবু বিন ইয়াছির আরাফাত, কুহালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মং প্রু মারমাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।