কাঁচপুরে ভাঙাড়ি ব্যবসায়ীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

ফন্ট সাইজ:

উপজেলার কাঁচপুরে বস্তাবন্দি অবস্থায় মো. আইয়ুব হোসেন (৫০) নামে এক ভাঙাড়ি ব্যবসায়ীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জামির হোসেন নামে এক নিরাপত্তা প্রহরীকে আটক করা হয়েছে। বুধবার সকালে কাঁচপুরে জালালাবাদ ওষুধ কোম্পানির একটি ভাঙাড়ি দোকানের গোডাউনের পেছনের ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আইয়ুব হোসেন কাঁচপুর উত্তরপাড়া এলাকার আলতাফ হোসেনের ছেলে। তিনি স্থানীয়ভাবে ভাঙাড়ি ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত থেকে আইয়ুব হোসেন নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্য ও স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পাননি। পরে বুধবার সকালে কাঁচপুরে জালালাবাদ ওষুধ কোম্পানির একটি ভাঙাড়ি গোডাউনের পেছনের ডোবায় স্থানীয়রা একটি বস্তা পড়ে থাকতে দেখেন। বিষয়টি সন্দেহজনক মনে হলে তারা পুলিশকে খবর দেন।
সোনারগাঁও থানা পুলিশের একটি দল বস্তাটি উদ্ধার করে।

পরে বস্তা খুলে ভেতরে হাত-পা বাঁধা অবস্থায় আইয়ুব হোসেনের মরদেহ দেখতে পাওয়া যায়। পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
এদিকে মরদেহ উদ্ধারের খবর পেয়ে নারায়ণগঞ্জ “খ” সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দীপঙ্কর ঘোষ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।
সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ আব্দুল বারিক বলেন, ঘটনাস্থলে গিয়েছি। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।