সৌদি আরবের রিয়াদে সিলেটের যুবক খুন

ফন্ট সাইজ:

সৌদি আরবের রিয়াদে এক সিলেটি যুবককে খুন করা হয়েছে। সোমবার রাতে স্থানীয় হারা এলাকায় এ ঘটনা ঘটে বলে নিহত মতিউর রহমানের স্বজনরা জানিয়েছেন। মতিউর কোম্পানীগঞ্জ উপজেলার পশ্চিম ইসলামপুর ইউনিয়নের বাঘারপাড় গ্রামের আবদুস সালামের ছেলে। পরিবারের লোকজন জানিয়েছেন, মতিউর রহমান ওই বাসায় আরও তিন প্রবাসীর সঙ্গে থাকতেন। ঘুমানোর জায়গা ও রান্না করা নিয়ে মতিউরের সঙ্গে কথা কাটাকাটি হয়। সোমবার রাতে কাজ শেষে সবাই বাসায় ফেরার পর সেই বিরোধকে কেন্দ্র করে আবার উত্তেজনা তৈরি হয়।

একপর্যায়ে এক রুমমেট রান্নায় ব্যবহৃত ছুরি দিয়ে মতিউরকে আঘাত করেন বলে পরিবারের দাবি। এতে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন এবং পরে মারা যান। ঘটনার পর বাসায় থাকা অন্য তিনজন সেখান থেকে পালিয়ে গেছে। নিহত মতিউরের ফুপাতো ভাই আশরাফুল ইসলাম খোকন জানান, রুমমেটদের সঙ্গে বিরোধের বিষয়টি তিনি পরিবারের সদস্যদের জানিয়েছিলেন। সোমবার থেকে মতিউরের সঙ্গে ফোনে যোগাযোগ করা যাচ্ছিল না। পরে তার সঙ্গে একই বাসায় থাকা গ্রামের এক ব্যক্তির মাধ্যমে পরিবার হত্যাকাণ্ডের খবর জানতে পারে।