তালা উপজেলার লাউতাড়া গ্রামে একটি বাগানের মধ্যে পরিত্যক্ত বাড়িতে নকল ও ভেজাল সার-কীটনাশক উৎপাদন ও মজুতের সন্ধান পেয়েছে র্যাব। বুধবার সকালে অভিযান চালিয়ে প্রায় ৫ লাখ টাকা মূল্যের বিভিন্ন পণ্য জব্দ করা হয়। এ ঘটনায় মশিয়ার রহমান নামে এক ব্যবসায়ীকে এক মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মশিয়ার রহমান লাউতাড়া গ্রামের ইমান আলী মোড়লের ছেলে। তিনি মেসার্স জাকির ট্রেডার্সের স্বত্বাধিকারী এবং বিসিআইসি সার সাব-ডিলার হিসেবে ব্যবসা পরিচালনার পাশাপাশি সার ও কীটনাশকের ব্যবসার সঙ্গে জড়িত বলে জানা গেছে। এর আগে র্যাব-৬-এর একটি দল লাউতাড়া গ্রামের মশিয়ার রহমানের মালিকানাধীন বাগানের মধ্যে থাকা পরিত্যক্ত বাড়িতে অভিযান চালায়। সেখানে নকল ও ভেজাল সার-কীটনাশক তৈরির উপকরণ ও বিভিন্ন ধরনের প্রস্তুতকৃত পণ্য মজুত অবস্থায় পাওয়া যায়।
জব্দ করা পণ্যের মধ্যে বিভিন্ন নামিদামি প্রতিষ্ঠানের নাম ও মোড়ক ব্যবহার করা কার্ডন প্লাস, নেচার অ্যান্ড কেয়ার অ্যাগ্রো প্রোডাক্টস লিমিটেডের ‘ক্যাটলিন’, এবিসি এগ্রোভেট ডিভিশনের ‘সুলবেন’, আল-কেমি কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ‘ফিস কার্ব’, ‘পাওয়ার শট’, ‘এমি-টপ’, ‘পাইডিনো প্লাস’ ও ‘উইনকড’সহ বিভিন্ন পণ্য রয়েছে। পরে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালত মশিয়ার রহমানকে এক মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেন।
একইসঙ্গে জব্দ করা পণ্য ধ্বংসের নির্দেশ দেয়া হয়। অভিযানটিতে নেতৃত্ব দেন র্যাব-৬, সাতক্ষীরা সিপিসি-১-এর অতিরিক্ত পুলিশ সুপার ও কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) জাইন উদ্দিন মোহাম্মদ যিয়াদ। এ সময় তালা থানার এসআই সমরেশ, তালা উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার জি. এম. শাওন উপস্থিত ছিলেন। তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা বলেন, নকল ও ভেজাল সার-কীটনাশক কৃষি উৎপাদন ও কৃষকদের জন্য ক্ষতিকর। অভিযানে প্রায় ৫ লাখ টাকা মূল্যের পণ্য জব্দ করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবসায়ীকে কারাদণ্ড ও জরিমানা করা হয় এবং জব্দকৃত পণ্য ধ্বংসের নির্দেশ দেয়া হয়েছে।
