ফরিদপুরের ভাঙ্গায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে মামলা দিয়ে একটি পরিবারকে হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে হয়রানি থেকে রক্ষা পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার শেখপুরা গ্রামের মরহুম সূর্য মিয়ার পরিবারের সঙ্গে প্রতিবেশী মামুন মাতুব্বরদের জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় প্রায় দুই বছর আগে মামুনের ঘরের পাশে থাকা কয়েকটি মেহগনি গাছ কেটে ফেলা হয় বলে অভিযোগ রয়েছে।
ভুক্তভোগী পরিবারের দাবি, গাছগুলো তাদের বসতবাড়ির জায়গায় ছিল। এ ছাড়া ঘটনার পর দীর্ঘ সময় অতিবাহিত হলেও সম্প্রতি বিষয়টিকে কেন্দ্র করে নতুন করে অভিযোগ করা হয়েছে। তাদের অভিযোগ, পূর্বের বিরোধের জেরে ঘটনাটিকে ভিন্ন খাতে নিতে তাদের হয়রানি করা হচ্ছে। এ ঘটনায় প্রতিবেশী মো. আলী মিয়া বাদী হয়ে গত ৩রা জুন ভাঙ্গা থানায় একটি অভিযোগ দায়ের করেন। তবে অভিযোগটি আমলযোগ্য না হওয়ায় আদালতের মাধ্যমে তদন্তের অনুমতি চায় পুলিশ। পরে পুলিশ তদন্ত শেষে সম্প্রতি প্রতিবেদন আদালতে দাখিল করেছে বলে জানা গেছে। ভুক্তভোগী মামুন বলেন, কয়েকটি মেহগনি গাছ কাটার ঘটনাকে কেন্দ্র করে দীর্ঘদিন পর একটি সাজানো অভিযোগ করা হয়েছে।
তিনি বলেন, আমার কয়েকজন ভাই প্রবাসে ও চাকরির সুবাদে বাইরে থাকেন। এরপরও নাসির মাতুব্বর, মাসুদ মাতুব্বর, মারুফ মাতুব্বর ও মনির মাতুব্বরসহ পরিবারের সদস্যদের বিভিন্ন মামলায় জড়িয়ে হয়রানি করা হচ্ছে। আমরা ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে উপযুক্ত বিচার দাবি করছি। অভিযোগের তদন্তকারী কর্মকর্তা ভাঙ্গা থানার এএসআই মো. কুদরত উল্লাহ বলেন, তদন্ত প্রতিবেদন আদালতে পাঠানো হয়েছে। তবে ভুক্তভোগী পরিবারের অভিযোগ অস্বীকার করে প্রতিপক্ষ আলী বলেন, তারা জোরপূর্বক আমার জায়গার গাছপালা কেটেছে। এ কারণেই থানায় অভিযোগ করা হয়েছে।
