নীলফামারীতে দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে মোখছেদ আলী প্রামাণিক (৫৬) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে। বুধবার বিকালে জেলা জজ কোর্টের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক (সিনিয়র জেলা ও দায়রা জজ) মাসুদ করিম এ রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত মোখছেদ সৈয়দপুর উপজেলার তহশিলদার পাড়া গ্রামের মৃত বাছরা প্রামাণিকের ছেলে। আদালত সূত্র জানায়, ২০২৫ সালের ২৯শে আগস্ট দুপুরে ভুক্তভোগী দ্বিতীয় শ্রেণির শিশুটি মোখছেদের নাতনির সঙ্গে তাদের বাড়ির উঠানে খেলছিল। এ সময় বাড়ি ফাঁকা থাকার সুযোগে মোখছেদ ঘর পরিষ্কারের কথা বলে শিশুটিকে ভেতরে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।
পরে শিশুটি তার পরিবারকে জানালে তার বাবা বাদী হয়ে সৈয়দপুর থানায় মামলা দায়ের করেন। ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনে অভিযোগ প্রমাণিত হওয়ায় মাত্র এক বছরের মধ্যে সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে আদালত এই রায় দিলেন। শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) আসাদুজ্জামান খান রিনো রায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, এক বছরের মধ্যে এ রায় দৃষ্টান্ত স্থাপন করেছে। রায়ে সন্তুষ্টি প্রকাশ করে ভুক্তভোগী শিশুটির বাবা বলেন, দ্রুততার সঙ্গে রায় প্রদান করায় আমরা বিচার বিভাগকে ধন্যবাদ জানাই।
