নবাবগঞ্জে মাদকবিরোধী অভিযান, তবুও থেমে নেই কারবার

ফন্ট সাইজ:

ঢাকার নবাবগঞ্জে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকলেও থেমে নেই মাদক কারবার। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে নানা কৌশলে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে বিভিন্ন চক্র। ফলে মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে। স্থানীয়দের অভিযোগ, উপজেলার প্রায় প্রতিটি অঞ্চলেই মাদকের রমরমা ব্যবসা চলছে। এরমধ্যে বান্দুরা, নয়নশ্রী, শোল্লা, যন্ত্রাইল, বাহ্রা, চূড়াইন, গালিমপুর ইউনিয়নের বিভিন্ন এলাকা হটস্পট হিসেবে পরিচিত। পুরুষদের পাশাপাশি নারীরা জড়িয়ে মাদক সেবন ও বিক্রির সঙ্গে। বর্তমান স্থানীয় সংসদ সদস্য খন্দকার আবু আশফাকের নির্দেশে প্রশাসন নিয়মিত মাদকবিরোধী অভিযান চালিয়ে আটকও করছে মাদকসেবীদের। তবে গ্রেপ্তার হয়ে জেলে যাওয়ার কিছুদিনের মধ্যে মাদক ব্যবসায়ীরা ছাড়া পেয়ে গ্রেপ্তার করা হলেও অভিযানের পর কিছুদিনের মধ্যেই আবার সক্রিয় হয়ে ওঠে মাদক কারবারিরা।

প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, মাদকবিরোধী অভিযান চালিয়ে অনেককে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়েছে। তবে গ্রেপ্তার ব্যক্তিদের কেউ কেউ অল্প সময়ের মধ্যে জামিনে বের হয়ে আবার মাদক ব্যবসায় জড়িয়ে পড়ছেন। নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আবু হানিফ বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান নিয়মিত চলছে। মাদক কারবারিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হচ্ছে। তবে অনেক সময় গ্রেপ্তার ব্যক্তিরা জামিনে বের হয়ে আবারও একই কাজে জড়িয়ে পড়েন। এদিকে মাদক নির্মূলে স্থানীয়ভাবে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন সুশীল সমাজের প্রতিনিধিরা।

তাদের মতে, শুধু আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান দিয়ে মাদক নির্মূল করা সম্ভব নয়। প্রতিটি এলাকায় মাদক কারবারিদের শনাক্ত করতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিদের সম্পৃক্ত করা প্রয়োজন। তাদের দাবি, প্রশাসন যদি স্থানীয়দের কাছ থেকে প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই করে নিয়মিত অভিযান পরিচালনা করে, তাহলে মাদকের বিস্তার অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব। একই সঙ্গে মাদক কারবারিরা যাতে বারবার একই অপরাধে জড়িয়ে পড়তে না পারে, সে বিষয়েও কার্যকর নজরদারি প্রয়োজন।