আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুষ্টিয়ায় তাণ্ডব

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুষ্টিয়ায় তাণ্ডব

ফন্ট সাইজ:

কুষ্টিয়ায় আধিপত্য বিস্তার ও স্থানীয় বিরোধকে কেন্দ্র করে কৃষক দলের কার্যালয়ে হামলা-ভাঙচুরের পর পাল্টা হামলার ঘটনা ঘটেছে। এ সময় আওয়ামী লীগ সমর্থিত ও সাধারণ মানুষের বাড়ি, দোকানপাটে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। এতে অন্তত ৮ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন। গত মঙ্গলবার রাতে সদর উপজেলার পাটিকাবাড়ি ইউনিয়নের নলখোলা বাজার ও আশপাশের এলাকায় এসব ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, মসজিদ কমিটি, জমিজমা ও এলাকায় আধিপত্য বিস্তারসহ বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে কয়েকটি পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

এরই ধারাবাহিকতায় রাত ৮টার দিকে পাটিকাবাড়ি ইউনিয়ন কৃষক দলের কার্যালয়ে ৩০ থেকে ৩৫ জন হামলা চালিয়ে ভাঙচুর করে বলে অভিযোগ করেন দলটির নেতাকর্মীরা। পাটিকাবাড়ি ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক আব্দুর রহমান হামলাকারীদের আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত দাবি করে ঘটনাটিকে সুপরিকল্পিত বলে অভিযোগ করেন। তবে কৃষক দলের কার্যালয়ে থাকা এক সদস্য জানান, হামলার পর তারা পাল্টা হিসেবে পাশের আওয়ামী লীগ কার্যালয়ে ভাঙচুর করেন। এরপর রাত ১০টার দিকে মাহফুজ, জিহাদ ও কালামের নেতৃত্বে ৪০ থেকে ৫০ জনের একটি দল রুহুল আমিনের বাড়িতে হামলা ও ভাঙচুর এবং তার পাট-পিয়াজের গুদামে অগ্নিসংযোগ করে বলে পরিবারের সদস্যরা অভিযোগ করেন। রুহুল আমিনের মা দাবি করেন, তার ছেলে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

গুদামে থাকা পাট ও পিয়াজসহ প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে। বুধবার সকালে সরজমিন কৃষক দলের কার্যালয়ে গিয়ে চেয়ার-টেবিল ভাঙাচোরা অবস্থায় দেখা যায়। দুটি মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত এবং বিএনপি’র প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ছবি ও ব্যানার মাটিতে পড়ে থাকতে দেখা যায়। আশপাশের কয়েকটি দোকান ও বাড়িতেও ভাঙচুরের চিহ্ন রয়েছে। একটি পাটের গুদামে অগ্নিসংযোগের আলামত দেখা গেছে। স্থানীয়দের অভিযোগ, নলখোলা গ্রামের আরও চার থেকে পাঁচজন সাধারণ কৃষকের বাড়িতেও হামলা ও ভাঙচুর করা হয়েছে।

নিরাপত্তার কারণে কয়েকটি পরিবারের সদস্য অন্যত্র চলে যাওয়ায় তাদের বক্তব্য পাওয়া যায়নি। ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ওসি এস এম মামুন বলেন, ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।