চকরিয়ায় ৩ দিন ধরে নিখোঁজ দুই স্কুলছাত্রী

চকরিয়ায় ৩ দিন ধরে নিখোঁজ দুই স্কুলছাত্রী

ফন্ট সাইজ:

কক্সবাজারের চকরিয়ার কাকারা হাইস্কুলের দুই স্কুলছাত্রী তিনদিন ধরে নিখোঁজ রয়েছেন। গত রোববার তারা বিদ্যালয়ে গিয়ে ছুটির পর আর বাড়িতে ফিরেনি। সম্ভাব্য সব জায়গায় খবর নিয়েও তাদের কোনো খোঁজ পায়নি পরিবার। পরে গত মঙ্গলবার চকরিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন নিখোঁজ দুই শিক্ষার্থীর পরিবার। নিখোঁজ শিক্ষার্থীরা হলো- উপজেলার কাকারা ইউনিয়নের কাকারা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস ও তসলিমা আক্তার। তারা ওই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সওদাগর পাড়া এলাকার মিজানুর রহমান ও মোহাম্মদ বাহাদুর মিয়ার কন্যা।

নিখোঁজ শিক্ষার্থী তসলিমার বাবা মোহাম্মদ বাহাদুর মিয়া বলেন, গত রোববার সকালে আমার মেয়ে ও তার বান্ধবী বিদ্যালয়ে যায়। কিন্তু ছুটির পর তারা আর ফিরেনি। পরে সম্ভাব্য সব জায়গায় খোঁজ নিয়েও কোনো খবর না পাওয়ায় থানায় সাধারণ ডায়েরি করেছি। চকরিয়া থানার ওসি আরিফুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, দুই স্কুলছাত্রীর পরিবার থেকে পৃথক দু’টি জিডি করা হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।