হবিগঞ্জের নবীগঞ্জে নিখোঁজের দুইদিন পর তুহিন মিয়া (২৩) নামে এক সিএনজি চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার গজনাইপুর ইউনিয়নের সাতাইহাল গাজীর মোকাম এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নবীগঞ্জ থানার ওসি মো. আবুল হোসেন। পুলিশের প্রাথমিক ধারণা, তাকে হত্যা করে সিএনজি (অটোরিকশা) নিয়ে গেছে দুর্বৃত্তরা। তার শরীরের বাম হাতে এবং বাম পাঁজরে আঘাতের চিহ্ন রয়েছে।
তবে তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ জানা যাবে। নিহত তুহিন বাহুবল উপজেলার শংকরপুর গ্রামের আব্দুল্লাহ মিয়ার ছেলে। জানা গেছে, গত সোমবার সিএনজি নিয়ে বাড়ি থেকে বের হন তুহিন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরদিন তার পরিবারের পক্ষ থেকে বাহুবল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। বুধবার সকালে গজনাইপুর ইউনিয়নের সাতাইহাল গাজীর মোকাম এলাকায় একটি লাশ পড়ে থাকতে দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশে খবর দিলে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
