জুড়ীতে জলাশয়ে ডুবে দুই শিশুর মৃত্যু

ফন্ট সাইজ:

মৌলভীবাজারের জুড়ীতে মাছ ধরতে গিয়ে জলাশয়ে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের আমতৈল এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- রাজনগর উপজেলার লালাপুর গ্রামের নারায়ণ দাশের ছেলে দুর্জয় দাশ (৯) এবং জুড়ী উপজেলার আমতৈল গ্রামের অমল দাশের মেয়ে অনন্যা কৃষ্ণ দাস (৭)। জুড়ী থানার উপ-পরিদর্শক কবির উদ্দিন জানান, দুর্জয় সম্পর্কে অনন্যার ফুপাতো ভাই।

সে পরিবারের সঙ্গে তার মামার বাড়িতে শ্রাদ্ধ অনুষ্ঠানে যোগ দিতে এসেছিল। দুর্জয় ও অনন্যা বড়শি নিয়ে বাড়ির উত্তরে সরকারি রাস্তার পাশের একটি জলাশয়ে মাছ ধরতে যায়। একপর্যায়ে তারা পানিতে পড়ে যায়। পরে তাদের উদ্ধার করা হলেও দু’জনেরই মৃত্যু হয়। খবর পেয়ে জুড়ী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।